ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা-১৭ আসনে বিএনপির প্রার্থী তারেক রহমানের পক্ষে দ্বিতীয় দিনের মতো নির্বাচনী প্রচারণায় অংশ নিলেন মরহুম আরাফাত রহমান কোকোর সহধর্মিণী সৈয়দা শামিলা রহমান সিঁথি। রবিবার বিকেলে কড়াইল বস্তির পাশে টিএন্ডটি কলোনিতে উঠোন বৈঠকে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
বৈঠকে উপস্থিত নারীদের উদ্দেশে সিঁথি বলেন, “ধানের শীষের পক্ষে জনসাধারণের সাড়া দেখে আমরা অভিভূত। ইনশাআল্লাহ, জনগণের ভোটেই বিএনপি আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাবে।” তিনি তারেক রহমানের জন্য ভোট ও দোয়া চান স্থানীয়দের কাছে।
পরে সিঁথি বাড্ডার নতুন বাজার সংলগ্ন গীর্জায় গিয়ে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং সেখানেও তারেক রহমানের জন্য ভোট ও দোয়া প্রার্থনা করেন।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, ব্যারিস্টার মেহনাজ মান্নান এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
প্রচারণার অংশ হিসেবে এর আগের দিন, শনিবার, শাহাজাদপুরের সুবাস্তু নজর ভ্যালি মার্কেট ও গুলশান ডিএনসিসি মার্কেটে ব্যবসায়ীদের সঙ্গে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন সৈয়দা শামিলা রহমান সিঁথি।


