সিলেট-১: মান–অভিমান ভুলে মুক্তাদিরের পক্ষে মাঠে আরিফ, ঐক্যে উজ্জীবিত বিএনপি নেতাকর্মীরা

দীর্ঘদিনের মান–অভিমান ভুলে এক মঞ্চে এসে দাঁড়ালেন আরিফুল হক চৌধুরী (Ariful Haque Choudhury) ও খন্দকার আবদুল মুক্তাদির (Khandaker Abdul Muktadir)। সিলেট-১ আসনে ধানের শীষের প্রার্থী মুক্তাদিরের পক্ষে নির্বাচনি প্রচারে নেমে উদ্দীপনা ছড়ালেন আরিফুল হক চৌধুরী।

সোমবার (২ ফেব্রুয়ারি) নগরীর আম্বরখানায় একত্রে প্রচারণা চালান এই দুই শীর্ষ বিএনপি নেতা। তাদের একসঙ্গে দেখে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও চাঙ্গাভাব লক্ষ করা গেছে।

দলীয় সূত্রে জানা গেছে, সিলেট-১ আসন থেকে দুজনই বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত দল আস্থা রাখে মুক্তাদিরের ওপর এবং আরিফুল হককে মনোনয়ন দেয় সিলেট-৪ আসনে। এ নিয়ে কিছুটা ভিন্নমত থাকলেও এখন তারা একসঙ্গে কাজ করছেন ধানের শীষের বিজয়ের লক্ষ্যে।

দলীয় কর্মীদের মতে, এতদিন দুই নেতাই নিজ নিজ নির্বাচনী এলাকায় প্রচারণায় ব্যস্ত ছিলেন। তবে আরিফের বলয়ের কর্মীরা সিলেট-১ এবং মুক্তাদিরের সমর্থকরা সিলেট-৪ আসনে কিছুটা নিষ্ক্রিয় ছিলেন। এখন একতাবদ্ধ প্রচারণা শুরু হওয়ায় নেতাকর্মীরা নতুন উদ্দীপনা নিয়ে মাঠে নামছেন।

সোমবারের প্রচারণায় অংশ নেন সিলেট সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর রেজাউল হাসান কয়েছ লোদী, ফরহাদ চৌধুরী শামীম, নজরুল ইসলাম মুনিম, এ বি এম জিল্লুর রহমান উজ্জ্বল, রুকসানা বেগম শাহনাজ, সালেহা কবির শেপী, দিনার খান হাসু, আবদুর রকিব তুহিন, মুজিবুর রহমান মুজিব, হুমায়ুন কবির সুহিন, দেলোয়ার হোসেন নাদিমসহ আরও অনেকে।

দলীয় নেতারা মনে করছেন, শীর্ষ দুই নেতার এই ঐক্যবদ্ধ প্রচারণা সিলেট-১ ও সিলেট-৪ উভয় আসনেই নির্বাচনের গতিপথ বদলে দিতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *