দিনাজপুর জেলা কারাগারে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন (Ramesh Chandra Sen)। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা ২৯ মিনিটে তাকে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কারাগার সূত্রে জানা যায়, সকালেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর দ্রুত হাসপাতালে স্থানান্তর করা হলেও শেষরক্ষা হয়নি। দিনাজপুর জেলা কারাগারের জেলার মো. ফরহাদ সরকার জানিয়েছেন, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
গত বছরের ১৬ আগস্ট ঠাকুরগাঁও থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠায়। পরে ১৭ আগস্ট তাকে স্থানান্তর করা হয় দিনাজপুর জেলা কারাগারে। তিনি হ’\ত্যা সহ তিনটি মামলায় কারাবন্দি ছিলেন বলে কারা সূত্র নিশ্চিত করেছে। শনিবার সকালে কারাগারেই অসুস্থ হয়ে পড়েন তিনি, যার পরিণতিতে এই মৃত্যু।
রমেশ চন্দ্র সেনের জীবন
১৯৪০ সালের ৩০ এপ্রিল ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের কশালগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন রমেশ চন্দ্র সেন। পিতা ছিলেন ক্ষিতীন্দ্র মোহন সেন এবং মাতা বালাশ্বরী সেন। রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজে পড়াশোনা করেন তিনি।
দীর্ঘ রাজনৈতিক জীবনে পাঁচবার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন রমেশ চন্দ্র সেন। সর্বশেষ ২০২৪ সালে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তবে কারাগারে বন্দিদশায় একজন সাবেক মন্ত্রী এবং প্রবীণ রাজনীতিকের মৃত্যু ঘিরে নানা প্রশ্নও উঠতে শুরু করেছে।


