ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ভোটারদের প্রতি স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রেখে সবাই যেন ভোটাধিকার প্রয়োগ করেন, সেটাই কাম্য।”
বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সিইসি এ আহ্বান জানান।
তিনি বলেন, “সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে আসবেন, ভোট দেবেন এবং জয়-পরাজয় মেনে নেবেন।”
ভাষণে নির্বাচন প্রক্রিয়াকে স্বার্থক ও অংশগ্রহণমূলক করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।
সিইসির এই বক্তব্য এমন সময়ে এলো যখন সারা দেশে ভোটকে কেন্দ্র করে টানটান উত্তেজনা ও নানা অনিশ্চয়তা বিরাজ করছে। শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের অবস্থান স্পষ্ট করতে এই ভাষণ গুরুত্ব বহন করছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।


