নির্বাচনী ফলাফল আপডেট

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)
১৫ আগে
জয়
বাংলাদেশ খেলাফত মজলিস
আগে
জয়
বাংলাদেশ জামায়াতে ইসলামী
আগে
জয়
বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি)
আগে
জয়
ইসলামী আন্দোলন বাংলাদেশ
আগে
জয়

কেন্দ্র দখল, হামলা ও ককটেল বিস্ফোরণের অভিযোগ এনসিপির, প্রয়োজনে বয়কটের হুঁশিয়ারি

ভোটগ্রহণ চলাকালে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় সহিংসতা, কেন্দ্র দখল, পোলিং এজেন্টদের বাধা, ব্যালট ছিনতাই ও ককটেল বিস্ফোরণের মতো গুরুতর অনিয়মের অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক কমিটি (এনসিপি)। বৃহস্পতিবার দুপুর দুইটায় বাংলামোটরে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মনিরা শারমিন সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন। তিনি বলেন, পরিস্থিতির ওপর তারা নিবিড় নজর রাখছেন। প্রয়োজন হলে এই নির্বাচন বয়কট বা প্রত্যাখ্যান করার সিদ্ধান্তও নেওয়া হতে পারে।

সংবাদ সম্মেলনে মনিরা শারমিন বলেন, “ঢাকা-১৮ আসনের উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ধানের শীষের পোলিং এজেন্টরা দলীয় কার্ড ঝুলিয়ে ভোটকক্ষে অবস্থান নেন, যা নির্বাচনী বিধির পরিপন্থী।” একই আসনের খিলক্ষেত থানার নিকুঞ্জের জান-ই-আলম স্কুল কেন্দ্রে নারী ভোটারদের লাঞ্ছিত করার অভিযোগও ওঠে স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে। কুমিল্লার একটি কেন্দ্রে এক কক্ষে একাধিক পোলিং এজেন্ট থাকার অভিযোগ গণমাধ্যমে প্রচারিত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। নিয়ম অনুযায়ী, একটি কক্ষে একজন প্রার্থীর পক্ষে একজন পোলিং এজেন্ট থাকার বিধান রয়েছে।

তিনি আরও বলেন, ঢাকা-১৭ আসনে পোলিং এজেন্টের অনুপস্থিতিতে সিল মারার অভিযোগ পাওয়া গেছে। “এই অভিযোগ সত্য হলে এর দায় দায়িত্ব তারেক রহমানকে নিতে হবে,”—মন্তব্য করেন তিনি।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব অভিযোগ করেন, ঢাকা-৮ আসনের মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে এনসিপি প্রার্থী নাসিরুদ্দিন পাটোয়ারীর পোলিং এজেন্টকে প্রবেশে বাধা দেওয়া হয়। পাবনা-1 আসনেও জামায়াতে ইসলামীর প্রার্থীর এজেন্টকে কেন্দ্রে ঢুকতে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে বলে দাবি করা হয়। ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে এনসিপি প্রার্থী মো. আতাউল্লাহর চিফ এজেন্টকে জোর করে কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগও তোলা হয়।

নোয়াখালীর হাতিয়ায় একাধিক সহিংস ঘটনার অভিযোগ এনে মনিরা শারমিন বলেন, সেখানে এনসিপি প্রার্থী হান্নান মাসউদের স্ত্রী ও ভাইকে মারধর এবং মোবাইল ফোন ভাঙচুর করা হয়েছে। একই এলাকায় দায়িত্ব পালনকালে সাংবাদিক মিরাজ উদ্দিন হামলার শিকার হন বলেও দাবি করা হয়। হাতিয়ার নলচিরা ইউনিয়নে ভোটারদের কেন্দ্রে যেতে বাধা দেওয়ার অভিযোগও তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মুন্সীগঞ্জ-৩ ও গোপালগঞ্জ সদর উপজেলার দুটি কেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। গোপালগঞ্জে দুই আনসার সদস্যসহ এক শিশু আহত হয়েছে বলে দাবি করা হয়।

এনসিপির পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়, শেরপুর-১ আসনে ব্যালট বই ছিনতাইয়ের ঘটনা ঘটে এবং পরে সিল মারা শতাধিক ব্যালট উদ্ধার করা হয়েছে বলে প্রশাসন জানায়। ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনে একাধিক ভোটার অভিযোগ করেছেন, কেন্দ্রে গিয়ে তারা জানতে পারেন তাদের ভোট আগেই দেওয়া হয়ে গেছে। টাঙ্গাইল-৮ আসনে সহকারী প্রিজাইডিং অফিসার ব্যালটে নির্দিষ্ট প্রতীকে সিল মেরে দিচ্ছেন—এমন অভিযোগও তোলা হয়। পিরোজপুর-৩ আসনে জোর করে নির্দিষ্ট প্রতীকে ভোট দেওয়ার অভিযোগ রয়েছে।

এ ছাড়া নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ভুয়া পোলিং এজেন্টের উপস্থিতি, নাটোর ও যশোরে সাংবাদিক ও সমর্থকদের ওপর হামলা, গাজীপুরে নারী ভোটারদের মারধর এবং মেহেরপুরে বিভিন্ন কেন্দ্রে ভোটার ও এজেন্টদের বাধা দেওয়ার অভিযোগ তুলে ধরা হয়। ঢাকা-২০ আসনে কেন্দ্র দখল ও বুথ উৎখাতের অভিযোগও করা হয় সংবাদ সম্মেলনে।

মনিরা শারমিন অভিযোগ করেন, রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ প্রশাসনের কাছ থেকে প্রত্যাশিত দায়িত্বশীল আচরণ পাওয়া যাচ্ছে না। প্রার্থীরা লিখিত অভিযোগ দিলেও কার্যকর সমাধান মিলছে না বলে দাবি করেন তিনি। বিভিন্ন স্থানে ভোট রিগিং ও ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’-এর মাধ্যমে ফলাফল প্রভাবিত করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেন তিনি। এভাবে কোনো দল ক্ষমতায় আসতে চাইলে সাধারণ জনগণ তা মেনে নেবে না বলে সতর্ক করেন এনসিপির এই নেতা।

এ সময় তিনি আরও অভিযোগ করেন, বিএনপি প্রকাশ্যে ‘হ্যাঁ’ এর পক্ষে প্রচারণা চালালেও গোপনে এবং সরাসরি ভোটকেন্দ্রে ভোটারদের ‘না’ ভোট দিতে প্রভাবিত করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *