প্রধানমন্ত্রী তারেক রহমানের দপ্তরে একান্ত সচিব-১, সহকারী একান্ত সচিব-১ এবং প্রটোকল অফিসার-১ পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। এ সংক্রান্ত পৃথক তিনটি প্রজ্ঞাপন মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় (Ministry of Public Administration)।
জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মিঞা মুহাম্মদ আশরাফ রেজা ফরিদীকে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আদেশে উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রী যতদিন প্রধানমন্ত্রীর পদ অলংকৃত করবেন অথবা মিঞা মুহাম্মদ আশরাফ রেজা ফরিদীকে তার একান্ত সচিব-১ পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন, ততদিন এই নিয়োগ কার্যকর থাকবে।
একই দিনে জারি করা আরেক প্রজ্ঞাপনে বলা হয়, প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলীকে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এখানেও একই শর্ত প্রযোজ্য থাকবে—প্রধানমন্ত্রী যতদিন দায়িত্বে থাকবেন অথবা তাকে ওই পদে বহাল রাখার ইচ্ছা পোষণ করবেন, ততদিন নিয়োগ আদেশ কার্যকর থাকবে।
অপর একটি আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব উজ্জল হোসেনকে প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার-১ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এই তিনটি নিয়োগের মাধ্যমে প্রধানমন্ত্রীর দপ্তরের প্রশাসনিক ও প্রটোকল ব্যবস্থাপনায় নতুন দায়িত্ব বণ্টন নিশ্চিত হলো।


