সরকারি গাড়ি ব্যবহার না করে নিজস্ব গাড়িতে চলাচলের সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান (Tarique Rahman)। শুধু তাই নয়, তিনি নিজের কেনা জ্বালানি এবং নিজস্ব চালক ব্যবহারেরও সিদ্ধান্ত নিয়েছেন—যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।
বিএনপির মিডিয়া সেল সদস্য আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী সরকারি কোনো গাড়ি ব্যবহার করছেন না। বুধবার সকালে গুলশানের বাসা থেকে নিজের সাদা টয়োটা গাড়িতে চড়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সাভারের জাতীয় স্মৃতিসৌধে যান এবং শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
যানজট ও জনভোগান্তির বিষয়টি বিবেচনায় রেখে প্রধানমন্ত্রীর নির্দেশে তার গাড়িবহরের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা হয়েছে। এতদিন প্রধানমন্ত্রীর গাড়িবহরের সংখ্যা ছিল ১৩ থেকে ১৪টি। এখন তা কমিয়ে মাত্র ৪টিতে নামিয়ে আনা হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী পতাকাবিহীন গাড়ি ব্যবহার করছেন। তবে রাষ্ট্রীয় অনুষ্ঠান কিংবা বিদেশি মেহমানদের সফর উপলক্ষে প্রধানমন্ত্রীর গাড়িতে পতাকা ব্যবহৃত হবে বলে জানানো হয়েছে।
আতিকুর রহমান রুমন আরও বলেন, প্রধানমন্ত্রী এখন থেকে মন্ত্রিসভার বৈঠক সচিবালয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক হলে সচিবালয় থেকে মন্ত্রীদের যাতায়াতে একটি জট তৈরি হয় এবং ভিআইপি চলাচলের কারণে সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়। এসব বাস্তবতা বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাজধানীতে প্রধানমন্ত্রীর যাত্রাপথে সড়কের দুইধারে পোশাকধারী পুলিশের অবস্থানের যে প্রচলিত বিধান রয়েছে, সেটিও বন্ধ করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি। এই পদক্ষেপগুলো প্রশাসনিক ব্যবস্থাপনায় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 (Amir Khasru Mahmud Chowdhury)](https://tazakhobor.com/wp-content/uploads/2026/02/nbm-pe-skel-niye-cuuddaant-siddhaant-hyni-baastbtaa-yaacaaiyer-kthaa-bllen-aamiir-khsru-maahmud-ce-dhurii-https-tazakhobor-com-tag-aamiir-khsru-maahmud-ce-dhurii-amir-khasru-mahmud-chowdhury.webp)
