জামিনে কারামুক্ত হলেন আ’লীগের সাবেক সংসদ সদস্য

গ্রেপ্তারের দেড় বছর পর জামিনে কারামুক্ত হয়েছেন ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা দবিরুল ইসলাম। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে দিনাজপুর জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি। এর আগে একই দিন তাঁর জামিন মঞ্জুর করেন ঠাকুরগাঁওয়ের একটি আদালত।

দিনাজপুর জেলা কারাগারের জেলার ফরহাদ সরকার সাবেক এই সংসদ সদস্যের কারামুক্তির খবর নিশ্চিত করেছেন।

২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর জমি দখল ও চাঁদাবাজির মামলায় দবিরুল গ্রেপ্তার হন। একই মামলায় তাঁর ছেলে এবং ওই আসনের সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনও গ্রেপ্তার হয়েছিলেন। তিনি এখনো দিনাজপুর কারাগারেই আছেন।

দবিরুলের পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন কারাবন্দী থাকায় তিনি অসুস্থ হয়ে পড়েছেন। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। পরিবারের সদস্যদের অভিযোগ, কারাগারে চিকিৎসার অভাবে দবিরুল গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাঁর হাঁটাচলা করার শক্তিটুকুও নেই।

এর আগে গত ৭ ফেব্রুয়ারি এই কারাগারেই অসুস্থ হয়ে মারা যান ঠাকুরগাঁও-১ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *