১৬-১৭ বছরেই মিলবে এনআইডি: নতুন সিদ্ধান্তে সুখবর জানাল নির্বাচন কমিশন

১৬ ও ১৭ বছর বয়সী বাংলাদেশি নাগরিকদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনের আওতায় আনার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (Bangladesh Election Commission)। রোববার (২২ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ থেকে জারি করা এক পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে।

পরিপত্রে উল্লেখ করা হয়, জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০ (২০১৩ সালে সংশোধিত)–এর ধারা ৫ অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আইনের আলোকে এখন থেকে আবেদনের তারিখে যেসব বাংলাদেশি নাগরিকের বয়স ১৬ বা ১৭ বছর পূর্ণ হয়েছে কিংবা হবে, তারা জাতীয় পরিচয়পত্রের জন্য নিবন্ধনের আবেদন করতে পারবেন।

এতদিন সাধারণত ১৮ বছর পূর্ণ হওয়ার পর নাগরিকরা এনআইডির জন্য আবেদন করার সুযোগ পেতেন। নতুন এই সিদ্ধান্তের ফলে শিক্ষার্থী ও তরুণ নাগরিকদের বিভিন্ন সেবায় অংশগ্রহণ, ব্যাংকিং কার্যক্রম, অনলাইন নিবন্ধনসহ প্রয়োজনীয় কাজ সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) খান আবি শাহানুর খান স্বাক্ষরিত আদেশে বিষয়টি সংশ্লিষ্ট সকল আঞ্চলিক, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। একই সঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে, সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে।

নির্বাচন কমিশনের এই উদ্যোগকে তরুণ নাগরিকদের প্রশাসনিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *