বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয় খোলা নিয়ে যা বললেন মির্জা ফখরুল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই বিভিন্ন জায়গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা দলীয় কার্যালয়ে প্রবেশের চেষ্টা করছেন বা তালা খুলে ভেতরে প্রবেশও করেছেন। এমনকি স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের সহায়তায় কার্যালয়ের তালা খোলার খবরও এসেছে। বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতা-কর্মীদের ঝটিকা মিছিল করার ঘটনাও ঘটেছে।

দলের নির্দেশে, নাকি ব্যক্তিগত উদ্যোগে তাঁরা এ ধরনের তৎপরতা চালাচ্ছেন, নাকি এর পেছনে বিএনপি বা জামায়াত বা অন্য কারও সঙ্গে কোনো সমঝোতা আছে—এসব প্রশ্ন উঠছে।

এ বিষয়ে আজ সোমবার সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন বিএনপির মহাসচিব স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

অনেক জায়গায় আওয়ামী লীগের কার্যালয় খোলা হচ্ছে—এ বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘এটা আমরা চাইনি। যেহেতু আইনগতভাবে বলা আছে যে, তাদের (আওয়ামী লীগের) কার্যক্রম নিষিদ্ধ, সেইভাবে এটাকে দেখা হবে সব জায়গায়।’

আজ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন মির্জা ফখরুল। স্থানীয় সরকার মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম বিএনপি কার্যালয়ে আসলেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *