ঠাকুরগাঁওয়ে হাফেজিয়া মাদ্রাসার বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করলেন মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সময় ধরে ভেঙে পড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে আবারও কার্যকর ও প্রাতিষ্ঠানিক কাঠামোয় ফিরিয়ে আনতে কাজ করছে বর্তমান সরকার। তিনি স্পষ্ট করে জানান, স্থানীয় সরকার নির্বাচন নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে—এ বিষয়ে সরকারের অবস্থান দৃঢ়।

শুক্রবার ঠাকুরগাঁও জেলার হাজীপাড়া এলাকায় অবস্থিত হাজীপাড়া হাফেজিয়া মাদাসার বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করা মির্জা ফখরুল বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা শুনে আসছিলাম, পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকার রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে দুর্বল ও অকার্যকর করে ফেলেছিল। ফলে জনগণের আস্থা ও জবাবদিহিতার জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। নতুন সরকারের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সেই প্রতিষ্ঠানগুলোকে পুনর্গঠন করা, কার্যকর জবাবদিহিতা নিশ্চিত করা এবং সুশাসনের কাঠামো পুনঃপ্রতিষ্ঠা করা।’

তার বক্তব্যে ছিল রাজনৈতিক বাস্তবতার স্বীকারোক্তি এবং ভবিষ্যৎ প্রত্যয়ের ইঙ্গিত। তিনি আরও বলেন, ‘আমি সব থেকে বেশি ঋণী ঠাকুরগাঁওয়ের মানুষের কাছে। তারা তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে সহযোগিতা করেছেন। তাদের এই আস্থা, এই ভালোবাসা আমার জন্য বড় দায়িত্ব। আমি চাই, দায়িত্বশীল ও সৎভাবে কাজের মাধ্যমে তাদের প্রত্যাশার প্রতিদান দিতে।’

ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানকে ঘিরে এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। এ সময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীনসহ দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন। তাদের উপস্থিতিতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন নেতৃবৃন্দও। নতুন এই বহুতল ভবন নির্মিত হলে স্থানীয় শিক্ষার্থীদের জন্য আধুনিক ও বিস্তৃত শিক্ষার পরিবেশ তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *