কলকাতায় মারা গেলেন পালিয়ে থাকা সাবেক আওয়ামী লীগ এমপি

টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতা মো. জোয়াহেরুল ইসলাম (৭০) কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) কলকাতার দমদমে অবস্থিত ফিনিক্স মেডিকেল সেন্টার প্রাইভেট লিমিটেড নামের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।

দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর এক সপ্তাহ আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার মাল্টি অর্গান ফেলিওর ও হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।

শুক্রবার রাতে তার মরদেহ হাসপাতালেই রাখা হবে। শনিবার ভোরে মরদেহ সংরক্ষণের জন্য কলকাতার পিস হেভেনে নেওয়া হবে। প্রয়োজনীয় কাগজপত্র সম্পন্ন হলে মরদেহ বাংলাদেশে পাঠানো হতে পারে বলে জানা গেছে।

জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর পেশায় আইনজীবী মো. জোয়াহেরুল ইসলাম ভারতে পালিয়ে যান এবং কলকাতার নিউটাউনে বসবাস শুরু করেন। পরবর্তীতে তার স্ত্রী মেডিকেল ভিসায় ভারতে যান। পরিবার-পরিজনসহ নিউটাউনেই অবস্থান করছিলেন সাবেক এই সংসদ সদস্য।

মো. জোয়াহেরুল ইসলাম ২০১৭ সালে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান। রাজনৈতিক অঙ্গনে তিনি জেলা পর্যায়ে সক্রিয় নেতৃত্বের জন্য পরিচিত ছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *