পবিত্র রমজানের ১৩তম দিনে এসে ঈদুল ফিতরের আবহ ছড়িয়ে পড়েছে চারদিকে। ঘরে ফেরা মানুষের প্রস্তুতি শুরু হয়ে গেছে আগেভাগেই। পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপনের পরিকল্পনায় এখন সবচেয়ে বড় প্রশ্ন—টিকিট পাওয়া যাবে তো? সেই প্রতীক্ষার মাঝেই শুরু হয়েছে ঈদুল ফিতর উপলক্ষে বাস ও ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি।
মঙ্গলবার (৩ মার্চ) সকাল থেকেই আনুষ্ঠানিকভাবে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এবার শতভাগ অগ্রিম টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হবে। অর্থাৎ কাউন্টারে দাঁড়িয়ে অগ্রিম টিকিট কেনার সুযোগ থাকছে না। তবে যারা অনলাইনে টিকিট সংগ্রহ করতে ব্যর্থ হবেন, তারা যাত্রার দিন স্টেশন কাউন্টার থেকে মোট আসনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট সংগ্রহ করতে পারবেন।
সার্ভারের ওপর অতিরিক্ত চাপ এড়াতে অঞ্চলভেদে আলাদা সময়ে টিকিট ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট প্রতিদিন সকাল ৮টা থেকে বিক্রি শুরু হবে। অন্যদিকে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট পাওয়া যাবে দুপুর ২টা থেকে। ফলে একসঙ্গে বিপুল সংখ্যক যাত্রীর চাপ কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।
যাত্রীরা অনলাইনে টিকিট সংগ্রহ করতে পারবেন ‘রেল সেবা’ (Rail Sheba) অ্যাপ ও সংশ্লিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে। নির্ধারিত সূচি অনুযায়ী ৩ মার্চ বিক্রি হচ্ছে ১৩ মার্চের যাত্রার টিকিট। ৪, ৫, ৬, ৭, ৮ ও ৯ মার্চ যথাক্রমে ১৪, ১৫, ১৬, ১৭, ১৮ ও ১৯ মার্চের অগ্রিম টিকিট বিক্রি করা হবে। এছাড়া ফিরতি ট্রেনের টিকিট বিক্রি চলবে ১৩ মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত।
এদিকে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রিও ইতোমধ্যে শুরু হয়েছে। ১২ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত যেকোনো দিনের যাত্রার টিকিট আগাম কেনা যাবে। বাস কাউন্টার ও অনলাইন—দুই মাধ্যমেই মিলছে এই টিকিট। ফলে ঘরমুখো মানুষের মাঝে এখন একটাই ব্যস্ততা—নিশ্চিত করতে হবে ঈদের যাত্রা।


