সরকারের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে প্রধানমন্ত্রী দিনরাত পরিশ্রম করছেন বলে জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি (Zonayed Saki)। তিনি বলেন, এই কর্মসূচির বাস্তবায়নের মাধ্যমে খুব শিগগিরই বাংলাদেশের পরিস্থিতিতে দৃশ্যমান পরিবর্তন আসবে।
রোববার (৮ মার্চ) রাজধানীর ঢাকা ডিপ্লোমা ইনস্টিটিউট (Dhaka Diploma Institute)-এর মিলনায়তনে ঢাকাস্থ বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রছাত্রী মৈত্রী সমিতির আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী ১০ মার্চ রাজধানীর কড়াইল বস্তিতে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান (Tarique Rahman)।
তিনি বলেন, ঈদের আগেই কৃষি কার্ড এবং মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের জন্য বিশেষ কার্ডও বিতরণ করা হবে।
জোনায়েদ সাকি আরও জানান, প্রধানমন্ত্রীর কর্মসূচির সঙ্গে সমন্বয় রেখে একই দিনে তিনি নিজেও ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌরসভার আসাদনগর (৮ নম্বর ওয়ার্ড) এলাকায় ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন।
তিনি বলেন, “নির্বাচনের আগে আমরা যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তার বাস্তবায়ন এখন দৃশ্যমান হতে শুরু করবে।”
বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রছাত্রী মৈত্রী সমিতির সভাপতি মো. জুনাইদ সরকার (Md. Junaid Sarkar)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞা (Md. Babul Mia), বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ (Mehedi Hasan Palash), বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক সিকদার (Rafiq Sikder), অ্যাডভোকেট জিয়াউদ্দিন জিয়া (Ziauddin Zia) এবং বাঞ্ছারামপুর উপজেলা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মেজর (অব.) সাইদসহ আরও অনেকে।


