হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেন ভারতে গ্রেফতার হওয়ার ঘটনায় সামাজিক যোগাযােগ মাধ্যম ফেসবুকে পোস্ট শেয়ার করে ‘আলহামদুলিল্লাহ’ বলেছেন সাবেক আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।
রোববার (৮ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
ফেসবুকে পোস্ট আসিফ নজরুল লেখেন, ‘আলহামদুলিল্লাহ! হাদী হত্যা মামলার প্রধান আসামিরা গ্রেফতার।’
এর আগে, নিহত শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত শুটার ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে আটক করে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)।
এক বিবৃতিতে এসটিএফ জানায়, বাংলাদেশে চাঁদাবাজি ও হত্যাসহ একাধিক অপরাধে জড়িত দুই ব্যক্তি অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে- এমন তথ্য পায় তারা। গোয়েন্দা তথ্য অনুযায়ী, তারা সীমান্তবর্তী বনগাঁ এলাকায় অবস্থান করছিল এবং সুযোগ পেলে আবার বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করছিল।


