‘আমার হাজবেন্ড আমার অনেক শখের, আমার হাজবেন্ডকে আমি যাইতে দিব না’— গাজীপুর সিটি করপোরেশনের ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শাহীন মোল্লাকে গ্রেপ্তারের সময় এমন কথা বলেন তার দ্বিতীয় স্ত্রী মীম। রোববার ভোর ৩টার দিকে কাশিমপুরের সারাদগঞ্জের হাজি সালামের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। তার দ্বিতীয় স্ত্রী মীম সেখানে ভাড়া থাকতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শাহীন মোল্লা আওয়ামী লীগের একজন নিষ্ক্রিয় সদস্য ছিলেন। কাঙ্ক্ষিত পদ না পাওয়ায় তিনি দলীয় কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেননি বলে জানান স্থানীয়রা। ৫ আগস্টের পর প্রেক্ষাপট পরিবর্তনের কারণে গ্রেপ্তার এড়াতে তিনি আত্মগোপনে চলে যান।
কাশিমপুর থানার ওসি মোল্লা খালিদ হোসেন জানান, গাজীপুর সিটি করপোরেশনের ৩নং ওয়ার্ড কাউন্সিলর শাহীন মোল্লাকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার করা হয়। রোববার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


