মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে সম্ভাব্য জ্বালানি সংকট মোকাবিলায় ভারতের কাছে অতিরিক্ত জ্বালানি সহায়তা চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ (Bangladesh) সরকার।
বুধবার (১১ মার্চ) সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু (Iqbal Hasan Mahmud Tuku)-এর সঙ্গে বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেছেন ভারত (India)-এর হাইকমিশনার প্রণয় ভার্মা (Pranay Verma)।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতীয় হাইকমিশনার বলেন, “বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অতিরিক্ত সহায়তার জন্য একটি আনুষ্ঠানিক চিঠি পেয়েছি। আমি এটি গ্রহণ করেছি এবং দ্রুত বিবেচনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেব।”
বৈঠকের আলোচনার বিষয়ে তিনি জানান, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভারত ও বাংলাদেশের মধ্যে অত্যন্ত শক্তিশালী সহযোগিতা বিদ্যমান।
তিনি বলেন, “এটি আমাদের অর্থনৈতিক সহযোগিতার অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র। বর্তমানে দুই দেশের মধ্যে আন্তঃসীমান্ত বিদ্যুৎ সঞ্চালন লাইন এবং জ্বালানি পাইপলাইন চালু রয়েছে।”
প্রণয় ভার্মা আরও বলেন, এই বিদ্যমান সহযোগিতা কীভাবে আরও জোরদার করা যায়, সে বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে।


