ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহৃত অমোচনীয় কালি নিয়ে নিজের মজার অভিজ্ঞতা শেয়ার করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, “কালি তো উঠছে না। ভয় হচ্ছে সামনের স্থানীয় সরকার নির্বাচনে এই কালি নিয়ে ভোট দিতে গেলে আবার ধরা খাই কি না!”
সোমবার (১৬ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে নারী দিবস উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সিইসি এসব কথা বলেন। তিনি জানান, নির্বাচনের পর তার এক সাবেক সহকর্মী ফেসবুকে পোস্ট দিয়েছেন, যেখানে লেখা ছিল, ‘মাননীয় প্রধান নির্বাচন কমিশনার, আপনি কি কালি লাগিয়েছেন? এই কালি তো উঠছে না।’
নাসির উদ্দিন বলেন, তিনি নিজেও পরীক্ষা করে দেখেছেন, তার হাতের কালি এখনও আছে। তিনি যোগ করেন, “স্টিভ লিজ (সরবরাহকারী) কী ম্যাজিক করেছেন জানি না, কিন্তু এবারের কালি বাংলাদেশের ইতিহাসে সেরা মানের ছিল। সাধারণত ভোট দিয়ে ঘষলেই কালি চলে যায়, কিন্তু এবারের কালি অবিশ্বাস্যভাবে টেকসই।”
কালির মানের টেকসই হওয়া যেমন উল্লেখযোগ্য, নির্বাচনের সুষ্ঠু ও সুন্দর পরিবেশও তেমনি প্রশংসনীয় হয়েছে বলে দাবি করেন সিইসি। তিনি বলেন, শত শত ভোটারের সঙ্গে কথা বলার পর কেউ অভিযোগ করেনি যে ভোট দিতে পারেননি। বিশেষ করে নারী ও সংখ্যালঘু কমিউনিটির ভোটারদের কাছে ব্যক্তিগতভাবে জানতে চাওয়ার পর সবাই জানিয়েছেন, তারা নির্বিঘ্নে ভোট দিয়েছেন।
সিইসি আবারও ‘সংখ্যালঘু’ শব্দ ব্যবহারে নিজের আপত্তি জানান। তিনি বলেন, “আমরা সবাই বাংলাদেশি। এখানে মাইনরিটি কিসের? রিলিজিয়াস অর্থে হয়তো বিভাজন হয়, কিন্তু আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি সবাই সমান এবং সবার সমান অধিকার রয়েছে।”


