ঈদকে সামনে রেখে মন্ত্রীদের বিশেষ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

পবিত্র ঈদকে সামনে রেখে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মন্ত্রীদের বিশেষ নজরদারির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান (Tarique Rahman)।

মঙ্গলবার (১৭ মার্চ) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি (Md. Shahiduddin Chowdhury Annie)।

তিনি বলেন, ঈদের ছুটির সময় যাতে কোথাও আইনশৃঙ্খলার অবনতি না ঘটে, সে বিষয়ে প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।

এদিকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ (Bobby Hajjaj) জানান, ঈদের সাত দিনের ছুটিতে বাজার ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা ও জ্বালানিসহ বিভিন্ন খাতে কিছুটা অস্থিরতার আশঙ্কা রয়েছে। এসব পরিস্থিতি মোকাবিলায় মন্ত্রীদের সক্রিয়ভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি (Dr. Nasimul Ghani) বলেন, নারী নির্যাতন ও ধ’\র্ষ’\ণের মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির জন্যও নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি উল্লেখ করেন, নারীর প্রতি সহিংসতার বিচার নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার।

তিনি আরও জানান, বৈঠকে মোট পাঁচটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে চলতি অর্থবছরের সম্পূরক বাজেটে আনা পরিবর্তন অনুমোদন করেছে মন্ত্রিপরিষদ, যা পরে সংসদে উপস্থাপন করা হবে। পাশাপাশি বিশ্ব বাণিজ্য সংস্থা (World Trade Organization)-সংক্রান্ত একটি বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া সাম্প্রতিক ফ্ল্যাশ ফ্লাড, শিলাবৃষ্টি ও ঝড়ের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা দ্রুত মূল্যায়নের জন্য কৃষি, খাদ্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *