ঈদযাত্রায় কোনো ধরনের ভোগান্তি সৃষ্টি বা বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেলে ঈদের পর কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম (Sheikh Robiul Alam)।
বুধবার (১৮ মার্চ) রাজধানীর গাবতলী বাস টার্মিনাল (Gabtoli Bus Terminal) পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, সার্বিকভাবে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক পরিবেশেই চলছে। যাত্রীরা শৃঙ্খলার সঙ্গে ঢাকার বাইরে যেতে পারছেন এবং কোথাও বড় ধরনের বিঘ্নের খবর পাওয়া যায়নি। কোনো অভিযোগ পাওয়া মাত্রই সংশ্লিষ্টদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, পরিবহনগুলো নির্ধারিত ভাড়াই নিচ্ছে। এমনকি কয়েকটি পরিবহন নির্ধারিত ভাড়ার চেয়ে ২০ থেকে ৩০ টাকা কম নিচ্ছে। যাত্রীদের সুবিধার জন্য টার্মিনালে পুলিশ বুথও স্থাপন করা হয়েছে, যেখানে কেউ বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পরিবহন চলাচলের ক্ষেত্রেও শৃঙ্খলা বজায় রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, বাসগুলো নির্ধারিত সময়েই ছেড়ে যাচ্ছে এবং এখন পর্যন্ত বড় কোনো ভোগান্তির খবর পাওয়া যায়নি।
জ্বালানি সরবরাহ প্রসঙ্গে তিনি জানান, ১৫ তারিখ রাত ১১টা থেকে পর্যাপ্ত তেল সরবরাহ নিশ্চিত করা হয়েছে। যমুনা সেতু (Jamuna Bridge) দিয়ে গতকাল অতিরিক্ত ৩২ হাজার গাড়ি পারাপার হয়েছে, যা প্রমাণ করে জ্বালানির কোনো ঘাটতি নেই।
তিনি বলেন, কেউ জ্বালানি না পেলে অভিযোগ করতে পারবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। গণপরিবহনে জ্বালানির কোনো সংকট নেই বলেও নিশ্চিত করেন মন্ত্রী।


