মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান সংকটকে ঘিরে সমুদ্রপথে জাহাজ চলাচলের নিরাপত্তা ঝুঁকি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। একইসঙ্গে বৈশ্বিক নৌ-বাণিজ্য যাতে নিরাপদ ও নিরবচ্ছিন্ন থাকে, সে লক্ষ্যে কূটনৈতিক তৎপরতা আরও জোরদারের আহ্বান জানিয়েছে দেশটি।
লন্ডনে অনুষ্ঠিত আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (International Maritime Organization – IMO)-এর কাউন্সিলের ৩৬তম বিশেষ অধিবেশনে বাংলাদেশের পক্ষ থেকে এই বার্তা তুলে ধরা হয়। মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা এবং এর বৈশ্বিক প্রভাব নিয়ে আলোচনা করতেই জরুরি ভিত্তিতে এই অধিবেশনের আয়োজন করে সংস্থাটি।
লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ডেপুটি হাইকমিশনার ড. নজরুল ইসলাম।
অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে ড. নজরুল ইসলাম বলেন, যুদ্ধপ্রবণ অঞ্চলে চলাচলকারী জাহাজগুলোতে কর্মরত বাংলাদেশি নাবিকসহ বিশ্বের বিভিন্ন দেশের সমুদ্রকর্মীদের নিরাপত্তা ও সার্বিক কল্যাণ নিয়ে বাংলাদেশ গভীরভাবে উদ্বিগ্ন। এই পরিস্থিতি শুধু আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক নৌ-পরিবহন ব্যবস্থার ওপরও প্রভাব ফেলছে।
বাংলাদেশ তার অবস্থান স্পষ্ট করে জানায় যে, আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সমুদ্র আইন বিষয়ক কনভেনশন (UNCLOS)-এর আলোকে সব ধরনের নৌযানের অবাধ ও বৈধ চলাচল নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ বিষয়ে দেশের সমর্থন পুনর্ব্যক্ত করা হয়।
অধিবেশনে অংশ নেওয়া বাংলাদেশ প্রতিনিধি দল সংশ্লিষ্ট সকল পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানায়। একইসঙ্গে চলমান সংকট নিরসনে গঠনমূলক সংলাপ এবং কার্যকর কূটনৈতিক উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।


