আজকের দুনিয়ায় বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যাপক প্রসারের যুগে দুটি গুরুত্বপূর্ণ বিষয়—ফ্রিডম অফ স্পিচ (ফ্রি স্পিচ) এবং জার্নালিজম—নিয়ে ব্যাপক ভুল বোঝাবুঝি রয়েছে বলে মনে করা হয়। এই দুই ধারণার বাস্তব প্রয়োগ, সীমাবদ্ধতা এবং প্রাসঙ্গিক বাস্তবতা বিস্তারিতভাবে আলোচনা করাটা অনেকটাই জরুরি বিষয় হয়ে দাঁড়িয়েছে।
ফ্রি স্পিচ বা মতপ্রকাশের স্বাধীনতা সাধারণভাবে বোঝায়—কোনো বাধা ছাড়াই বা বিশেষ ভাবে বলতে গেলে সরকারি বাধা ছাড়াই নিজের মতামত প্রকাশ করার অধিকার। তবে আমাদেরকে এটাও বুঝতে হবে, এটি পুরোপুরি সীমাহীন নয়। যেমন, সহিংসতা উসকে দেওয়া, হুমকি দেওয়া বা যৌন হয়রানিমূলক বক্তব্য—এসব কোনো ক্ষেত্রেই ফ্রি স্পিচের সুরক্ষা পায় না।
আজকাল অনেকেই মনে করেন ফ্রি স্পিচ সব জায়গায় প্রযোজ্য, কিন্তু বাস্তবে তা নয়। এই অধিকার মূলত সরকারের বিরুদ্ধে বা পাবলিক পরিসরে প্রযোজ্য। ব্যক্তিগত বা বেসরকারি পরিসরে ফ্রি স্পিচের কোনো নিশ্চয়তা নেই।
উদাহরণ হিসেবে বলা হয়েছে, কোনো সরকারি স্থানে দাঁড়িয়ে একজন রাজনৈতিক নেতাকে সমালোচনা করা ফ্রি স্পিচের আওতায় পড়তে পারে। কিন্তু একটি বেসরকারি প্রতিষ্ঠানের ভেতরে একই ধরনের আচরণ করলে কর্তৃপক্ষ সেই ব্যক্তিকে বের করে দিতে পারে—এখানে ফ্রি স্পিচ কোনোভাবেই প্রযোজ্য নয়।
একইভাবে চাকরির ক্ষেত্রেও সীমাবদ্ধতা রয়েছে। কোনো ব্যক্তি ব্যক্তিগতভাবে মত প্রকাশ করতে পারলেও, চাকরির নীতিমালা ভেঙে কিছু বললে নিয়োগদাতা ব্যবস্থা নিতে পারে। অর্থাৎ, চুক্তিবদ্ধ পেশাগত পরিবেশে মতপ্রকাশের স্বাধীনতা সীমিত থাকে। এবং এই সীমাবদ্ধতার সীমা নির্ধারণের দায়িত্ব একান্তই সেই চাকরি দাতার। আর সহকারী চাকুরেদের ক্ষেত্রে যেহেতু তাদের চাকরি দাতা স্বয়ং সরকার, তাই সরকার নিজেই নির্ধারণ করে ওই বিষয়ে তার চাকুরেদের ঠিক কতটুকু স্বাধীনতা আছে। সেই স্বাধীনতার সীমা নিয়ে আলোচনা-সমালোচনা সবই থাকতে পারে তবে দিন শেষে বিষয়টি চাকরি দাতার উপরি নির্ভরশীল।
আবার ব্যক্তিগত পরিসরেও কিছু নিয়ম প্রযোজ্য। কেউ নিজের বাসায় কী ধরনের বক্তব্য অনুমোদন করবেন, সেটি একান্তই তার নিজস্ব সিদ্ধান্ত। ফলে প্রাইভেট স্পেসে মতপ্রকাশের স্বাধীনতা সম্পূর্ণভাবে সেই জায়গার মালিকের নিয়ন্ত্রণাধীন।
অন্যদিকে, জার্নালিজম বা সাংবাদিকতা সম্পর্কেও প্রচলিত ধারণার বাইরেও রয়েছে কিছু বাস্তবতা। সংক্ষেপে বলতে গেলে, জার্নালিস্ট হওয়ার জন্য নির্দিষ্ট কোনো লাইসেন্স, বাধ্যতামূলক প্রশিক্ষণ বা একক যোগ্যতা নেই। যে কেউ তথ্য সংগ্রহ, লেখা বা প্রচারের কাজ করলে নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দিতে পারেন।
বর্তমান ডিজিটাল যুগে ইউটিউব কনটেন্ট নির্মাতা, ফেসবুক লেখক, ব্লগার, প্রতিবেদক কিংবা সংবাদ উপস্থাপক—সবাইই তাদের কাজের ধরন অনুযায়ী জার্নালিজমের অংশ হতে পারেন। এদের যে কেউ চাইলেই নিজেকে “ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট” হিসেবেও পরিচয় দিতে পারেন, যদি তার নিজস্ব কোনো প্ল্যাটফর্ম বা প্রকাশের মাধ্যম থাকে।
তবে এখানে একটি গুরুত্বপূর্ণ দিক হলো—জার্নালিজমের স্বাধীনতা থাকলেও এর সঙ্গে জড়িত রয়েছে দায়বদ্ধতা। যাচাই-বাছাই ছাড়া তথ্য প্রকাশ করা, গুজব ছড়ানো বা বিভ্রান্তিকর কনটেন্ট তৈরি করা সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী। একটি গ্রহণযোগ্য সাংবাদিকতার মূল ভিত্তি হচ্ছে তথ্যের সত্যতা যাচাই, নিরপেক্ষতা বজায় রাখা এবং জনস্বার্থকে অগ্রাধিকার দেওয়া।
আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বিশ্বাসযোগ্যতা। যে কেউ নিজেকে সাংবাদিক দাবি করতে পারলেও, পাঠক বা দর্শকের কাছে গ্রহণযোগ্যতা অর্জন নির্ভর করে তার কাজের মান, ধারাবাহিকতা এবং নৈতিকতার ওপর। দীর্ঘমেয়াদে বিশ্বাসযোগ্যতাই একজন সাংবাদিকের সবচেয়ে বড় পরিচয় হয়ে ওঠে।
অতএব, জার্নালিজম শুধুমাত্র পরিচয়ের বিষয় নয়, বরং এটি একটি দায়িত্বশীল চর্চা—যেখানে স্বাধীনতার পাশাপাশি নৈতিকতা, সততা এবং জবাবদিহিতা সমানভাবে গুরুত্বপূর্ণ।
সব মিলিয়ে, ফ্রি স্পিচ এবং জার্নালিজম—দুটিই গুরুত্বপূর্ণ ধারণা হলেও, সেগুলোর বাস্তব প্রয়োগ, সীমা এবং দায়িত্ব সম্পর্কে সঠিক বোঝাপড়া থাকা প্রয়োজন বলেই মনে করার যথেষ্ট কারণ রয়েছে।
ফেসবুক থেকে সংকলিত


