রোনান সুলিভানের জাদুতে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের উড়ন্ত সূচনা

যুক্তরাষ্ট্রপ্রবাসী তরুণ ফরোয়ার্ড রোনান সুলিভান (Ronan Sullivan)-এর দুর্দান্ত নৈপুণ্যে অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে দারুণ সূচনা করেছে বাংলাদেশ। মঙ্গলবার (২৪ মার্চ) মালের ন্যাশনাল স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচে পাকিস্তানকে ২-০ গোলে হারিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

অভিষেক ম্যাচেই জোড়া গোল করে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন সুলিভান। তার এই পারফরম্যান্সে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেল মার্ক কক্স (Mark Cox)-এর শিষ্যরা।

প্রথমার্ধে বল দখলে একচেটিয়া আধিপত্য ছিল বাংলাদেশের। তবে আক্রমণ গড়ে তুলেও শেষ মুহূর্তের ফিনিশিংয়ের অভাবে গোলের দেখা পায়নি দলটি। ফলে গোলশূন্য অবস্থাতেই বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে চিত্রটা বদলে যায়। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশের যুবারা। নতুন সংযোজন সুলিভান যেন পুরো ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। তার সঙ্গে ইব্রাহিম নেওয়াজ (Ibrahim Niawaz) ও মোরশেদ আলীরা মাঠে দাপট দেখান।

ম্যাচের ৫৪ মিনিটে ফ্রি-কিক থেকে দুর্দান্ত শটে প্রথম গোল এনে দেন সুলিভান। ডি-বক্সের বাইরে থেকে নেওয়া তার বুলেট গতির শট জালে জড়িয়ে যায় চোখের পলকে। মেজর লিগ সকারের ফিলাডেলফিয়া ইউনিয়নের বয়সভিত্তিক দলে খেলা এই ফরোয়ার্ডের এমন গোল দলকে এনে দেয় স্বস্তি।

৬১ মিনিটে পাকিস্তান একটি গোল পেলেও তা টেকেনি। গোলরক্ষকের ওপর ফাউলের কারণে ম্যাচ রেফারি সেটি বাতিল করে দেন। এরপর ৬৭ মিনিটে শেখ সংগ্রামের বাড়ানো লং পাস থেকে হেডে নিজের দ্বিতীয় এবং দলের ব্যবধান দ্বিগুণ করেন সুলিভান।

শেষ সময়জুড়ে বলের নিয়ন্ত্রণ নিজেদের পায়ে রেখে পাকিস্তানকে কার্যত ম্যাচ থেকে ছিটকে দেয় বাংলাদেশ। নির্ধারিত ৯০ মিনিটের সঙ্গে যোগ করা ৭ মিনিটেও কোনো সুযোগ তৈরি করতে পারেনি প্রতিপক্ষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *