কার্ডিয়াক অ্যারেস্টের পর সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি আশা ভোসলে

অসুস্থ হয়ে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল (Breach Candy Hospital)-এ ভর্তি হয়েছেন ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোসলে (Asha Bhosle)। শনিবার ৯২ বছর বয়সী এই শিল্পীর কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। বর্তমানে তাঁর অবস্থা সংকটাপন্ন, এবং হাসপাতালের ইমার্জেন্সি মেডিক্যাল সার্ভিস ইউনিটে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা চলছে।

হাসপাতালের চিকিৎসক প্রতীত সামদানি (Pratit Samdani) জানিয়েছেন, শনিবার হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্টের পর দ্রুত আশা ভোসলেকে হাসপাতালে আনা হয়। চিকিৎসকেরা তাৎক্ষণিকভাবে জরুরি চিকিৎসা শুরু করেন। আপাতত তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ থাকলেও চিকিৎসা অব্যাহত রয়েছে।

এদিকে শিল্পীর নাতনি জানাই ভোসলে (Zanai Bhosle) সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পরিবারের পক্ষ থেকে এক বার্তা দিয়েছেন। সেখানে তিনি লেখেন, তাঁর দাদি অতিরিক্ত ক্লান্তি এবং বুকে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন। পরিবারের এই কঠিন সময়ে ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান জানানোর আহ্বানও জানান তিনি। একই সঙ্গে চিকিৎসা চলছে এবং দ্রুত ইতিবাচক খবর পাওয়ার আশাও ব্যক্ত করেন।

ভারতীয় সংগীতের ইতিহাসে সবচেয়ে বহুমুখী ও প্রভাবশালী কণ্ঠশিল্পীদের একজন আশা ভোসলে। আট দশকেরও বেশি দীর্ঘ ক্যারিয়ারে তিনি শুধু হিন্দি নয়, ভারতের বিভিন্ন আঞ্চলিক ভাষা এবং বিদেশি ভাষায়ও হাজার হাজার গান গেয়েছেন। শাস্ত্রীয় সংগীত, লোকগান, পপ, গজল—প্রতিটি ধারাতেই তাঁর অনায়াস বিচরণ তাঁকে অন্যদের থেকে আলাদা মর্যাদা দিয়েছে।

দীর্ঘ সংগীতজীবনে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে আশা ভোসলে ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কার (Dadasaheb Phalke Award) অর্জন করেছেন। পাশাপাশি তিনি পেয়েছেন পদ্মবিভূষণ (Padma Vibhushan), একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং ফিল্মফেয়ার সম্মাননা। তাঁর কণ্ঠ, সুরের বৈচিত্র্য এবং দীর্ঘ পথচলা ভারতীয় প্লেব্যাক সংগীতকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *