শনিবার সিলেটে প্রধানমন্ত্রীর ব্যস্ত দিন—মাজার জিয়ারত থেকে উন্নয়ন প্রকল্প উদ্বোধন

প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার (২ মে) একদিনের গুরুত্বপূর্ণ সফরে যাচ্ছেন সিলেটে। শুক্রবার (১ মে) প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে, এই সফর ঘিরে ইতোমধ্যেই প্রশাসনিক ও রাজনৈতিক মহলে প্রস্তুতি শুরু হয়েছে। দীর্ঘ কর্মসূচি নিয়ে সাজানো এই সফরে ধর্মীয়, অবকাঠামোগত এবং ক্রীড়া খাতের নানা উদ্যোগকে সামনে আনতে দেখা যাবে সরকারপ্রধানকে।

দিনব্যাপী কর্মসূচির শুরুতেই সকাল ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার। সেখান থেকে সরাসরি তিনি হযরত শাহজালাল (র.) এর মাজারে গিয়ে জিয়ারত করবেন—যা সফরের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।

এরপর শহরের নাগরিক দুর্ভোগ নিরসনের একটি বড় উদ্যোগে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সিলেট সার্কিট হাউজ সংলগ্ন চাঁদনী ঘাট এলাকায় জলাবদ্ধতা দূরীকরণে সিলেট সিটি করপোরেশন গ্রহণ করা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। একই স্থানে আয়োজিত সুধী সমাবেশেও বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার, যেখানে উন্নয়ন পরিকল্পনা ও স্থানীয় সমস্যা নিয়ে আলোকপাত করতে পারেন তিনি।

দুপুরে সফরের পরবর্তী অংশে সিলেট সদর উপজেলার কাশিপুর ইউনিয়নে অবস্থিত বাইশা নদী পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এই উদ্যোগকে স্থানীয়দের জন্য একটি গুরুত্বপূর্ণ পরিবেশ ও অর্থনৈতিক উন্নয়ন প্রকল্প হিসেবে দেখা হচ্ছে।

বিকেলে ক্রীড়া খাতে তরুণদের সম্পৃক্ত করতে একটি নতুন আয়োজনের সূচনা করবেন তিনি। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এর উদ্যোগে সিলেট জেলা স্টেডিয়ামে আয়োজিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধনের মাধ্যমে শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা বিকাশে নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যাশা করা হচ্ছে।

দিনের শেষভাগে শিল্পকলা একাডেমিতে একটি সভায় অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী। সেখানে বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের পর সন্ধ্যায় ঢাকায় ফেরার পরিকল্পনা রয়েছে তার।

উল্লেখ্য, প্রায় দুই দশক পর গত ২১ জানুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার সময় সিলেট সফরে গিয়েছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তবে সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম সিলেট সফর, যা রাজনৈতিক দিক থেকেও বিশেষ তাৎপর্য বহন করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *