যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হ’\ত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির প্রথম জানাজা সম্পন্ন হয়েছে। স্থানীয় সময় বুধবার (৬ মে) দুপুর ২টায় ফ্লোরিডার টাম্পায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় সহপাঠী, শিক্ষক এবং প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস (Bangladesh Embassy)-এর প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, জানাজায় ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (University of South Florida)-এর শিক্ষার্থী ও শিক্ষকরা অংশ নেন। পাশাপাশি স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন। মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের একজন প্রতিনিধিও জানাজায় অংশ নেন।
তিনি আরও জানান, জানাজা শেষে নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ একটি ফিউনারেল সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, আগামী ৭ মে ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর (Orlando International Airport) থেকে এমিরেটস এয়ারলাইন্স (Emirates Airlines)-এর একটি ফ্লাইটে মরদেহ ঢাকার উদ্দেশ্যে পাঠানো হবে। এ সময় মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের প্রতিনিধি বিমানবন্দরে উপস্থিত থাকবেন।
এছাড়া নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ৯ মে শনিবার সকাল ৮টা ৪০ মিনিটে বৃষ্টির মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (Hazrat Shahjalal International Airport)-এ পৌঁছানোর কথা রয়েছে।
গোলাম মোর্তোজা জানান, ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের সঙ্গে সমন্বয় করে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শে পুরো প্রক্রিয়াটি তত্ত্বাবধান করছে। নৃশংস হ’\ত্যাকাণ্ডের শিকার জামিল লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর সব ব্যয় বাংলাদেশ সরকার বহন করছে বলেও তিনি উল্লেখ করেন।
এর আগে, একই ঘটনায় নি’\হত জামিল লিমনের মরদেহ গত ৪ মে ঢাকায় পৌঁছায়।


