নিম্ন আয়ের ফ্যামিলি কার্ডধারী পরিবারের কাছে ভর্তুকি মূল্যে ভোজ্যতেল সরবরাহ অব্যাহত রাখতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (Trading Corporation of Bangladesh-TCB) এর জন্য ইন্দোনেশিয়া থেকে ২ কোটি লিটার পরিশোধিত সয়াবিন তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ক্রয়ে মোট ব্যয় হবে ২৮২ কোটি ৫৭ লাখ টাকার বেশি।
বৃহস্পতিবার (৭ মে) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এর বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী (Amir Khasru Mahmud Chowdhury)।
বৈঠক সূত্রে জানা গেছে, উন্মুক্ত আন্তর্জাতিক দরপত্র পদ্ধতিতে এই সয়াবিন তেল কেনা হবে। বাণিজ্য মন্ত্রণালয় এর অধীন টিসিবি পুরো ক্রয় কার্যক্রম বাস্তবায়ন করবে।
দরপত্র প্রক্রিয়ায় মোট দুটি প্রস্তাব জমা পড়ে। এর মধ্যে একটি প্রস্তাব কারিগরি ও আর্থিকভাবে গ্রহণযোগ্য বা রেসপনসিভ হিসেবে বিবেচিত হয়। পরে টেন্ডার ইভ্যালুয়েশন কমিটির (টিইসি) সুপারিশের ভিত্তিতে একমাত্র রেসপনসিভ দরদাতা প্রতিষ্ঠান হিসেবে ইন্দোনেশিয়ার পিটি ট্রিনিটি ছায়া এনার্জি (PT Trinity Chaya Energy) কে নির্বাচিত করা হয়েছে।
প্রস্তাব অনুযায়ী, প্রতিষ্ঠানটি প্রতি লিটার সয়াবিন তেল ১ দশমিক ১৫১ মার্কিন ডলার দরে সরবরাহ করবে। সেই হিসাবে ২ কোটি লিটার তেল কিনতে মোট ব্যয় হবে ২ কোটি ৩০ লাখ ২০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় ২৮২ কোটি ৫৭ লাখ ৫ হাজার টাকা।
টিসিবির হিসাব বলছে, সিএফআরসহ গুদাম পর্যন্ত পরিবহন ও অন্যান্য ব্যয় যোগ করে প্রতি লিটার সয়াবিন তেলের মোট খরচ পড়ছে ১৭৮ টাকা ৫৬ পয়সা। যা বর্তমানে স্থানীয় বাজারে প্রচলিত গড় মূল্য ১৯৫ টাকার তুলনায় লিটারে প্রায় ১৬ টাকা ৪৪ পয়সা কম।
সরকারি তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরে মোট ২৩ কোটি লিটার ভোজ্যতেল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ইতোমধ্যে ১২ কোটি ১৬ লাখ ৭৯ হাজার ৩৪ লিটার তেল ক্রয় সম্পন্ন হয়েছে।


