বিএনপি কখনোই সংস্কারের পক্ষে ছিল না, নির্বাচনের পর ‘আসল রূপ’ সামনে এসেছে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম (Nahid Islam) বলেছেন, বাংলাদেশে নতুন করে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে। সংসদে বিএনপি (BNP)-র একজন প্রভাবশালী সংসদ সদস্যের বক্তব্যেই দলটির প্রকৃত অবস্থান স্পষ্ট হয়ে উঠেছে বলে মন্তব্য করেন তিনি। তার ভাষ্য, নির্বাচনের আগে জনগণকে সংস্কারের পক্ষে থাকার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, এখন তার উল্টো চিত্র দেখা যাচ্ছে।

বুধবার (৭ মে) বিকালে চট্টগ্রাম প্রেসক্লাব (Chattogram Press Club)-এ বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসা নেতাকর্মী ও সাধারণ নাগরিকদের জাতীয় নাগরিক পার্টি (National Citizen Party)-তে যোগদান অনুষ্ঠানে এসব কথা বলেন এনসিপির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম।

তিনি বলেন, বিএনপি কখনোই সংস্কারের পক্ষে ছিল না। সংসদে তাদের একজন প্রভাবশালী সদস্য যখন প্রকাশ্যেই বলেন যে নির্বাচনের জন্য জনগণকে সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তখন নির্বাচনের পর বিএনপির আসল রূপ বের হয়ে এসেছে।

নাহিদ ইসলাম দাবি করেন, দেশে প্রকৃত সংস্কার বাস্তবায়ন এবং জুলাই হ’\ত্যা’\কা’\ণ্ডের বিচার নিশ্চিত করতে হলে সেটি এনসিপিকেই করতে হবে। এজন্য সংসদের ভেতরে ও বাইরে সংস্কারপন্থী সব শক্তিকে সঙ্গে নিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও বলেন তিনি।

সম্প্রতি পশ্চিমবঙ্গ (West Bengal)-এ অনুষ্ঠিত বিধানসভা নির্বাচন এবং নির্বাচন-পরবর্তী মুসলমানদের ওপর সহিংসতার প্রসঙ্গও টানেন নাহিদ ইসলাম। তিনি বলেন, পশ্চিমবঙ্গের নির্বাচনের ফলাফল ও পরবর্তী পরিস্থিতির প্রভাব বাংলাদেশেও পড়তে পারে। তবে কারও উস্কানিতে কান না দিয়ে সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি।

এসময় দেশের স্বাস্থ্য পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, দেশে বর্তমানে হামের প্রকট পরিস্থিতি চলছে এবং এরইমধ্যে শতাধিক শিশু হামে আক্রান্ত হয়ে মারা গেছে। যাদের গাফেলতির কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

একই সঙ্গে তিনি বলেন, শুধুমাত্র পূর্ববর্তী সরকারের ওপর দায় চাপিয়ে বর্তমান সরকার নিজেদের দায়িত্ব এড়িয়ে যেতে পারে না। পরিস্থিতি মোকাবিলায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানান নাহিদ ইসলাম।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *