মাঠে ইউরোপীয় ইউনিয়নের ৫৬ পর্যবেক্ষক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বাংলাদেশজুড়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী পর্যবেক্ষণ শুরু করেছে ইউরোপীয় ইউনিয়ন (European Union)। শনিবার (১৭ জানুয়ারি) সকালে রাজধানী ঢাকা থেকে দেশের ৬৪ জেলায় রওনা দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনী পর্যবেক্ষণ মিশনের ৫৬ সদস্যের একটি দল।

সকালেই রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে মিশনের উপ-প্রধান পর্যবেক্ষক ইন্ডা লাসে বলেন, “দীর্ঘমেয়াদি পর্যবেক্ষকরা আমাদের মিশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। তাঁদের বিশ্লেষণ ও পর্যবেক্ষণ নির্বাচনী প্রক্রিয়ার নিরপেক্ষ ও তথ্যভিত্তিক মূল্যায়নে মূল ভূমিকা পালন করবে।”

তিনি জানান, ইউরোপীয় ইউনিয়ন দীর্ঘমেয়াদি ও দেশব্যাপী পর্যবেক্ষণের জন্য সুসংহত ও সুপ্রতিষ্ঠিত পদ্ধতি অনুসরণ করে। এই পদ্ধতি নির্বাচনের একটি ভারসাম্যপূর্ণ, গভীর ও পর্যবেক্ষণভিত্তিক বিশ্লেষণ উপস্থাপন করতে সক্ষম।

দলের পর্যবেক্ষকরা দু’জন করে একটি করে ইউনিট হিসেবে কাজ করবেন এবং তাঁদের দায়িত্বপ্রাপ্ত এলাকাগুলোতে ভোটার, নির্বাচন কর্মকর্তা, প্রার্থী, রাজনৈতিক দলের প্রতিনিধি, স্থানীয় পর্যবেক্ষক এবং তরুণ কর্মীদের সঙ্গে যোগাযোগ করবেন। রাজধানী ঢাকা ছাড়াও দেশের শহর, মফস্বল ও গ্রামাঞ্চলেও তাঁরা এ কার্যক্রম পরিচালনা করবেন।

ইন্ডা লাসে আরও জানান, “পর্যবেক্ষকরা ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো ছাড়াও কানাডা, নরওয়ে এবং সুইজারল্যান্ড থেকে এসেছেন। বাংলাদেশে দায়িত্ব পালনের আগে তাঁদের নির্বাচনী প্রক্রিয়া, রাজনৈতিক প্রেক্ষাপট, আইনি কাঠামো এবং গণমাধ্যম ও সামাজিক পরিবেশ সম্পর্কে বিস্তারিত প্রশিক্ষণ ও নির্দেশনা দেওয়া হয়েছে।”

এই পর্যবেক্ষণ মিশনটি বাংলাদেশের নির্বাচন কমিশনের আমন্ত্রণেই কার্যক্রম চালাচ্ছে বলে জানান তিনি। এর নেতৃত্বে রয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ও প্রধান পর্যবেক্ষক ইভার্স ইজাবস। তিনি গত ১১ জানুয়ারি ঢাকায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে মিশনের আনুষ্ঠানিক সূচনা করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *