ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি এবং ঘু’\ষ গ্রহণের একাধিক অভিযোগের প্রেক্ষিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (Dhaka North City Corporation)–এর প্রশাসক মোহাম্মদ এজাজের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। রোববার (১ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন।
দুদক প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমি বিষয়টি নিশ্চিত করেছেন। সংস্থাটির সহকারী পরিচালক মো. আশিকুর রহমান আদালতে আবেদনের মাধ্যমে জানান, মোহাম্মদ এজাজের বিরুদ্ধে একাধিক অনিয়ম, দুঃশাসন এবং ঘু’\ষ গ্রহণের অভিযোগ তদন্তাধীন।
আবেদনে বলা হয়, এজাজ প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে ঢাকার বিভিন্ন এলাকায় প্রকল্প ও সম্পত্তি বরাদ্দে নানান অনিয়ম করেছেন। এর মধ্যে রয়েছে মিরপুর গাবতলী পশুর হাট ইজারা, ই-রিকশা প্রকল্প, বোরাক টাওয়ার তথা হোটেল শেরাটনের দখলভার, বনানী কাঁচাবাজারে দোকান বরাদ্দ, খিলগাঁও তালতলা সুপার মার্কেটের পার্কিং এলাকায় দোকান নির্মাণ ও বরাদ্দ, সিটি কর্পোরেশনের ভ্যান সার্ভিস ও ফুটপাতে দোকান বরাদ্দ ইত্যাদি।
দুদকের দাবি, এসব কর্মকাণ্ডে ব্যক্তিগত লাভের জন্য ঘু’\ষ গ্রহণসহ গুরুতর দুর্নীতি সংঘটিত হয়েছে। এই অভিযোগের তদন্তে মোহাম্মদ এজাজকে উপস্থিত থাকতে বলা হলেও তিনি এখনো দুদকের দপ্তরে হাজির হননি।
এ ছাড়া তদন্ত সংক্রান্ত তথ্য অনুযায়ী আশঙ্কা করা হচ্ছে, অভিযোগের মুখোমুখি না হয়ে তিনি দেশত্যাগের মাধ্যমে পালিয়ে যেতে পারেন। সেই প্রেক্ষিতে দুদক দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২২ ধারা, কমিশন বিধিমালা ২০০৭-এর ৮ বিধি এবং ফৌজদারী কার্যবিধির ১৬০ ধারার আলোকে তার বিদেশ গমন ঠেকাতে আদালতের দারস্থ হয়।
আদালত বিষয়টির গুরুত্ব বিবেচনায় রেখে তাৎক্ষণিকভাবে মোহাম্মদ এজাজের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেন, যাতে সুষ্ঠু তদন্তে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়।


