পটুয়াখালী-১ : বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকার নেতা

পটুয়াখালী-১ (সদর, মির্জাগঞ্জ ও দুমকি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী (Air Vice Marshal (Retd.) Altaf Hossain Chowdhury)-এর প্রতি একাত্মতা জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকার পরিষদের প্রার্থী কৃষিবিদ শহিদুল ইসলাম ফাহিম।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় পটুয়াখালী শহরের সুরাইয়া ভিলার সামনে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন শহিদুল ইসলাম ফাহিম।

তিনি বলেন, “পটুয়াখালী-১ আসনের সামগ্রিক উন্নয়ন এবং রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে আমি ধানের শীষ প্রতীকের প্রার্থী আলতাফ হোসেন চৌধুরীর প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করছি। নির্বাচনি বিধি অনুযায়ী ব্যালটে আমার প্রতীক থাকলেও, আমি চাই পটুয়াখালীর মানুষের আশা-আকাঙ্ক্ষার বাস্তব প্রতিফলন ঘটুক। এজন্য ধানের শীষের বিজয় ত্বরান্বিত করতে এই সিদ্ধান্ত নিয়েছি।”

তিনি আরও বলেন, “এটি কোনো একক নির্বাচনি কৌশল নয়। বরং পটুয়াখালীর মানুষের প্রতি রাজনৈতিক দায়বদ্ধতা ও বৃহত্তর ঐক্যের প্রকাশ। আমরা বিশ্বাস করি, একত্রে কাজ করলেই জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত করা সম্ভব।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির নেতাকর্মী, স্থানীয় গণমাধ্যমের প্রতিনিধি এবং উভয় দলের সমর্থকরা। একসাথে দাঁড়িয়ে এমন একটি ঘোষণাকে রাজনৈতিক সৌজন্য ও ঐক্যের ইতিবাচক বার্তা হিসেবে দেখছেন অনেকেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *