মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর নির্বাচনী অফিস সিলগালা

শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজে হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী (মোমবাতি প্রতীক) মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর নির্বাচনী অফিস সিলগালা করা হয়েছে। রোববার (১ ফেব্রুয়রি) সন্ধ্যায় হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইখতেহার আহমেদ সায়েম নোমানীর পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ওই কার্যালয়টি সিলগালা করেন।

প্রশাসন সূত্রে জানা গেছে, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মুফতি গিয়াস উদ্দিন তাহেরীর ওই নির্বাচনী অফিসটি সিলগালা করা হয়েছে। একটি ইউনিয়নে একটি মাত্র নির্বাচনী অফিস করার নিয়ম থাকলেও শায়েস্তাগঞ্জের ৭ নম্বর উবাহাটা ইউনিয়নের বড়কোটা বাজার এবং একই ইউনিয়নে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজে দু’টি কার্যালয় খোলা হয়। রোববারের অভিযানে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ সংলগ্ন এলাকায় নতুন করে চালু হওয়া কার্যালয়টি সিলগালা করে দেন ভ্রাম্যমাণ আদালত।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ইখতেহার আহমেদ সায়েম নোমানী জানান, আচরণবিধি লঙ্ঘনের দায়ে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচনী পরিস্থিতি স্বাভাবিক রাখতে কার্যক্রম চলমান থাকবে।

এ বিষয়ে জানতে চাইলে মোমবাতি প্রতীকের প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মাওলানা ইসমাইল হোসেন নোমানী বলেন, রোববার আমরা প্রচারণা থেকে এসে অফিসটি সিলগালা করে দেওয়া হয়েছে। পরে জানতে পারি হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইখতেহার আহমেদ সায়েম নোমানী স্যার অভিযান চালিয়ে এটি সিলগালা করেছেন। বড়কোটা বাজারে যে অফিসটির কথা বলা হচ্ছে; সেটি আমাদের অফিস নয়। সেখানে শুধুমাত্র প্রার্থীর ব্যানার দেওয়া হয়েছে। আমাদের মূল অফিস এটি (সিলগালা করে দেওয়া কার্যালয়টি)। বিষয়টি আমরা প্রশাসনের সঙ্গে আলোচনা করছি।

বার্তা বাজার/এমএমএইচ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *