প্রতিবন্ধী জনগোষ্ঠীকে বাদ দিয়ে দেশের ভবিষ্যৎ গঠনের কোনো পরিকল্পনা পূর্ণ হতে পারে না—এমন মন্তব্য করেছেন জায়মা রহমান (Jaima Rahman), বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশান সোসাইটি পার্কে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বলেন, “প্রতিবন্ধীরা দেশের গর্ব, তাদের বাদ দিয়ে দেশ গড়ার পরিকল্পনা পরিপূর্ণ হবে না।”
‘প্রসপারিং টুগেদার, অ্যান ইনক্লুসিভ বাংলাদেশ‘ শিরোনামের এই অনুষ্ঠানে শারীরিক, মানসিক ও বুদ্ধিবৃত্তিক প্রতিবন্ধীরা অংশগ্রহণ করেন। দেশের বিভিন্ন জেলা থেকে আগত, নিজ নিজ ক্ষেত্রে সফল কয়েকজন প্রতিবন্ধী অনুষ্ঠানে তাদের সংগ্রাম, অর্জন ও ভবিষ্যৎ প্রত্যাশার কথা তুলে ধরেন।
জায়মা রহমান বলেন, “আমরা যদি দেশ গড়ার পরিকল্পনায় প্রতিবন্ধী প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করি, তাহলে তাদের প্রয়োজন, চ্যালেঞ্জ ও সম্ভাবনাগুলো আরও ভালোভাবে বোঝা সম্ভব হবে।”
তিনি আরও বলেন, প্রতিবন্ধীদের অন্তর্ভুক্ত করেই একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব, আর এর জন্য প্রয়োজন ইউনিভার্সাল ডিজাইন– যা সবার জন্য সমানভাবে উপযোগী।
তিনি ভবিষ্যতেও এমন প্লাটফর্ম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন এবং বলেন, দেশের প্রতিটি উন্নয়ন পরিকল্পনায় যেন প্রতিবন্ধী সম্প্রদায়ের প্রতিনিধি থাকেন, সেই চেষ্টাই অব্যাহত রাখা উচিত।
অনুষ্ঠানে থাকা অংশগ্রহণকারীরাও তাদের জীবনের নানা দিক তুলে ধরে জানান, সমাজে সবার মতো বাঁচার অধিকার তাদেরও রয়েছে। এবং রাষ্ট্রীয় পরিকল্পনায় যদি তারা সক্রিয় অংশীদার হতে পারেন, তাহলে তাদের সম্ভাবনা আরও বিস্তৃত হবে।


