শেরপুর-৩ সংসদীয় আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ নুরুজ্জামান বাদল আর নেই। কিডনি জটিলতায় ভুগে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ময়মনসিংহের স্বদেশ হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবারণ করেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী (Bangladesh Jamaat-e-Islami) কর্তৃপক্ষ বাদলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক শোকবার্তায় বলা হয়—“শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ সংসদীয় আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব আলহাজ্ব নুরুজ্জামান বাদল আনুমানিক আজ রাত ৩টায় কিডনিজনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।”
বাদল দীর্ঘদিন ধরে কিডনি সমস্যায় ভুগছিলেন বলে দলীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে। তার মৃত্যুতে সহকর্মী ও রাজনৈতিক সহযোদ্ধাদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
শোকবার্তায় আরও বলা হয়, “আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করুন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের ধৈর্য ধারণের তৌফিক দান করুন।”
নুরুজ্জামান বাদল ছিলেন একজন বর্ষীয়ান রাজনীতিবিদ, যিনি স্থানীয় পর্যায়ে বিশেষ করে জামায়াতের সংগঠনিক কাজে দীর্ঘদিন ধরে যুক্ত ছিলেন। শেরপুর-৩ আসন থেকে তিনি আসন্ন নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন।


