‘ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ’— মতবিনিময় সভায় ডা. জুবাইদা রহমান

সমতা ও সবার জন্য সমান অধিকার প্রতিষ্ঠাই বিএনপির (BNP) রাজনীতির মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর হাতিরঝিলে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘‘আমার আগে আমরা, আমাদের আগে দেশ; ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ—এই দর্শন নিয়েই এগোচ্ছে বিএনপি।’’

নগরবাসী ও ভোটারদের উদ্দেশে তিনি বলেন, ‘‘সবারই সমস্যা রয়েছে, কিন্তু সঠিক পরিকল্পনা থাকলে তার সমাধান সম্ভব। বিএনপির রাজনীতি হলো পরিকল্পিত ভবিষ্যতের রাজনীতি। এখন সময় এসেছে গৌরবের নতুন সূর্যোদয়ের।’’

শ্রম ও মেধার মূল্যায়নের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘‘আমরা দিতে চাই শ্রমের মর্যাদা, মেধার মূল্যায়ন, মেধাভিত্তিক চাকরি এবং ন্যায়ভিত্তিক অধিকার। শোষণের আগে অধিকার—এই নীতিতেই আমরা বিশ্বাস করি।’’

ডা. জুবাইদা রহমান বলেন, ‘‘বিএনপি এমন একটি রাষ্ট্র গড়তে চায়, যেখানে নেতার আগে জনতা থাকবে। করব কাজ, গড়ব দেশ—সবার আগে বাংলাদেশ। এই লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’’

সভায় অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘‘আপনারা আজকে এখানে এসে প্রমাণ করেছেন, আপনারা একসঙ্গে আছেন। আপনারা আমাদের কথা শুনেছেন, আপনাদের সমস্যাগুলো আমাদের জানিয়েছেন। আমরা সেই সমস্যাগুলো আরও শুনব, আরও জানব এবং আমাদের সামর্থ্য অনুযায়ী সমাধানের চেষ্টা করব।’’

তিনি আরো বলেন, ‘‘জনগণের সঙ্গে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে কিভাবে সমস্যাগুলোর সুষ্ঠুভাবে সমাধান করে একটি সুন্দর, সমতাভিত্তিক, জ্ঞানভিত্তিক ও শ্রমের মর্যাদাভিত্তিক রাষ্ট্র উপহার দেওয়া যায়, সে লক্ষ্যেই বিএনপি কাজ করছে।’’

সভায় সভাপতিত্ব করেন ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক ফরহাদ হালিম ডোনার। এতে আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং ঢাকা-১৭ আসনের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক ও চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুস সালাম।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *