আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রাক্কালে আজ সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে বাংলাদেশ টেলিভিশনে (BTV) এই ভাষণ সম্প্রচার করা হবে।
শুধু তারেক রহমান নন, আজই জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তাদের ভাষণও বিটিভিতে সম্প্রচারের কথা রয়েছে। জামায়াত আমিরের ভাষণ সম্প্রচার হতে পারে সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে, এবং মামুনুল হকের ভাষণের সম্ভাব্য সময় এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এর আগের দিন, রোববার (৮ ফেব্রুয়ারি) বিটিভিতে সম্প্রচারিত হয়েছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম-এর (চরমোনাই পীর) ভাষণ। এদিন সন্ধ্যা ৬টায় চরমোনাই পীর এবং সন্ধ্যা ৭টায় নাহিদ ইসলামের ভাষণ সম্প্রচার করে বিটিভি।
জাতির উদ্দেশে ভাষণগুলো মূলত নির্বাচন ও গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলোর দৃষ্টিভঙ্গি ও বার্তা প্রচারের অংশ হিসেবে সম্প্রচার করা হচ্ছে। এসব ভাষণের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দল তাদের অবস্থান, পরিকল্পনা এবং ভোটারদের প্রতি আহ্বান তুলে ধরছেন।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ভোটগ্রহণ চলবে ওইদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত, বিরতিহীনভাবে। এবারের নির্বাচনে অংশ নিচ্ছে মোট ৫১টি রাজনৈতিক দল।


