৪১ জনসভা শেষে গুলশানে ফিরলেন তারেক রহমান, ব্যস্ত ভোটের মাঠে নজরদারিতে

নির্বাচনি প্রচারের ব্যস্ততম কয়েকদিন সারা দেশে চষে বেড়ানোর পর এখন রাজধানীর গুলশানে নিজ কার্যালয়ে অবস্থান করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman)। সেখান থেকেই তিনি সারাদেশের নেতাকর্মী, প্রার্থী এবং পর্যবেক্ষকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন বলে জানিয়েছেন দলের মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকালে সাংবাদিকদের তিনি জানান, “বিএনপি চেয়ারম্যান এখন গুলশানে অফিস করছেন। সকাল থেকেই সারাদেশের প্রার্থীদের সঙ্গে কথা বলেছেন, বিভিন্ন এলাকার পরিস্থিতি সম্পর্কে খোঁজ-খবর নিয়েছেন।”

তথ্য অনুযায়ী, গুলশানের বাসা থেকে দুপুরে নিজের অফিসে গিয়ে তারেক রহমান সারাদিন কাটান সাংগঠনিক কাজ এবং সমন্বয়মূলক আলোচনায়। নির্বাচনী প্রচারের শেষ দিনে তার দিকনির্দেশনায় চলছে দলীয় তৎপরতা। এছাড়াও বিদেশি সাংবাদিকদের সঙ্গেও কথা বলেছেন তিনি।

এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সমমনা রাজনৈতিক দলগুলোর জন্য ৯টি আসন ছেড়ে মোট ২৯১টি আসনে ধানের শীষ প্রতীক নিয়ে লড়ছে।

গত ২২ জানুয়ারি সিলেটের আলিয়া মাদ্রাসা থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করেন তারেক রহমান। এরপর একটানা দেশের নানা প্রান্তে জনসভা করেছেন তিনি। তিনি সফর করেছেন মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জের মৌচাক ও সোনারগাঁও, চট্টগ্রাম, ফেনী, কুমিল্লার চৌদ্দগ্রাম, সোনাগাজী, দাউদকান্দি, ময়মনসিংহ, গাজীপুর, উত্তরা, রাজশাহী, নওগাঁ, বগুড়া, রংপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, বরিশাল, ফরিদপুর, ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুর।

মাত্র ৯ দিনের এই ব্যস্ত সফরে তিনি ৪১টি জনসভায় বক্তব্য দিয়েছেন, যেখানে দলীয় প্রতিশ্রুতি তুলে ধরে ধানের শীষে ভোট চেয়েছেন তিনি। প্রতিটি সমাবেশে দলের গণতন্ত্র, জবাবদিহিতা ও উন্নয়নমূলক অঙ্গীকার তুলে ধরা হয়েছে।

মিডিয়া সেলের আতিকুর রহমান রুমন জানান, তারেক রহমানের নেতৃত্বে এবার প্রার্থীদের মনোবল অনেক বেশি। ভোটারদের কাছে পৌঁছাতে এসএমএস ও চেয়ারম্যানের রেকর্ডেড কল পাঠানো হয়েছে।

দলের পক্ষ থেকে বলা হয়েছে, গুলশানে বসে এখন সার্বিক নির্বাচন পরিস্থিতি তদারকি করছেন তারেক রহমান। একদিকে মাঠে সমর্থকদের শেষ মুহূর্তের প্রস্তুতি, অন্যদিকে কেন্দ্র থেকে তদারকি—সব মিলিয়ে দলের নির্বাচনী যন্ত্র এখন পূর্ণগতিতে সচল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *