আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। মঙ্গলবার নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ইসি সূত্র জানিয়েছে, সিইসির ভাষণটি মঙ্গলবার সন্ধ্যায় রেকর্ড করা হয়েছে। আজ সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলাদেশ বেতার, দেশের সব বেসরকারি টিভি চ্যানেল ও রেডিও একযোগে এই ভাষণ সম্প্রচার করবে।
ধারণা করা হচ্ছে, ভাষণে সিইসি দেশের জনগণকে নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে অবহিত করবেন। সেই সঙ্গে ভোটারদেরকে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানাবেন।
ভাষণে তিনি দেশের ৪২,৬৫৯টি ভোটকেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থার কথা তুলে ধরবেন বলে জানা গেছে। এছাড়া নির্বাচনি সামগ্রী বিতরণ ও মাঠপর্যায়ের ব্যবস্থাপনাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ দিক নিয়েও তিনি কথা বলবেন।
উল্লেখ্য, গত বছরের ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে প্রধান নির্বাচন কমিশনার জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছিলেন। আজকের ভাষণ সেই ধারাবাহিকতার অংশ হিসেবেই দেখা হচ্ছে।


