বাংলাদেশ জামায়াতে ইসলামী (Jamaat-e-Islami) আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) জরুরি সংবাদ সম্মেলন আহ্বান করেছে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে আজ বেলা আড়াইটায় এ সংবাদ ব্রিফিং অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনের বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের। তাঁর পাঠানো চিঠিতে জানানো হয়েছে, এতে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন এবং সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য দেবেন।
এদিকে, আজ সকালে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছানোর পর নগদ ৫০ লাখ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘিরে দেশজুড়ে আলোড়ন তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে, এই ঘটনার প্রতিক্রিয়া ও ব্যাখ্যা সংবাদ সম্মেলনে উঠে আসতে পারে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামায়াতের এক নেতার কাছে এতো বিপুল অঙ্কের নগদ অর্থ থাকার বিষয়টি নিয়ে ইতোমধ্যে রাজনৈতিক মহলে নানা গুঞ্জন শুরু হয়েছে।


