কষ্ট পেয়ে থাকলে ক্ষমা প্রার্থী—উপদেষ্টা ফাওজুল কবির খানের চিঠি

অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ; সড়ক পরিবহণ ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান (Muhammad Fawzul Kabir Khan) বলেছেন, বিভ্রান্তিকর সংবাদের কারণে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি ক্ষমা প্রার্থী। মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. নাসিমুল গনির বরাবর পাঠানো এক আধা সরকারি চিঠিতে তিনি এ কথা উল্লেখ করেন।

নিজের ফেসবুক পোস্টে সেই চিঠি সংযুক্ত করে উপদেষ্টা লিখেছেন, জনপরিসরে কাজ করার একটি ঝুঁকি হলো—সাংবাদিকরা অনেক সময় তাদের গণমাধ্যমের কাটতি বাড়াতে যে কারো বক্তব্যের ওপর কাঁচি চালিয়ে মুখরোচক সংবাদ পরিবেশন করেন। তাকে ঘিরে প্রকাশিত একটি সংবাদের ব্যাখ্যা দিতেই তিনি এ চিঠি দিয়েছেন বলে উল্লেখ করেন।

চিঠিতে ফাওজুল কবির খান বলেন, গত ২৭ জানুয়ারি ২০২৫ তারিখে এক বৈঠকে হতাশা প্রকাশ করে তিনি বলেছিলেন—মানুষ সরকারি দপ্তরের ভূমিকায় এতটাই ক্ষুব্ধ যে, একজন তাকে বলেছেন, মাইলস্টোন স্কুল ও কলেজে যে বিমান দুর্ঘটনা হয়েছে, সেটি মাইলস্টোনে নয়, সচিবালয়ে পড়া উচিত ছিল।

কিন্তু কিছু সংবাদপত্র, টিভি ও যোগাযোগমাধ্যম ‘একজন আমাকে বলেছে’—এই শব্দগুলো বাদ দিয়ে সেটিকে তার নিজস্ব বক্তব্য হিসেবে প্রচার করেছে। তিনি দাবি করেন, সেদিনের সভায় উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে আলাপ বা তার বক্তব্যের সম্পূর্ণ ভিডিও শুনলেই প্রকৃত বিষয়টি স্পষ্ট হবে।

উপদেষ্টা উল্লেখ করেন, মাইলস্টোন দুর্ঘটনার দিন তিনি নিজেই সচিবালয়ে কর্মরত ছিলেন।

চিঠিতে তিনি আরও লেখেন, অগ্রজ সচিব হিসেবে তার বক্তব্য বিকৃতির ফলে সৃষ্ট বিভ্রান্তিকর সংবাদের কারণে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি ক্ষমা প্রার্থনা করছেন। একই সঙ্গে বিষয়টি কনিষ্ঠ সহকর্মীদের নজরে আনার অনুরোধ জানান।

সবশেষে তিনি আশা প্রকাশ করে লেখেন, দলীয় আনুগত্যের ঊর্ধ্বে উঠে পেশাদার আমলা হিসেবে কাজ করতে হবে এবং জনস্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে।

চিঠির শুরুতে তিনি উল্লেখ করেন, ১৭ ফেব্রুয়ারি নতুন সরকারের শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং এর মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে তার কার্যকালের পরিসমাপ্তি ঘটবে।

তিনি লেখেন, দায়িত্ব পালনের সময় তার অধীনস্থ এবং অন্যান্য মন্ত্রণালয়ের সচিবদের কাছ থেকে সর্বোচ্চ সহযোগিতা পেয়েছেন। তবে বিদ্যমান পদ্ধতিগত সীমাবদ্ধতার কারণে কিছু উদ্যোগ বাস্তবায়িত হলেও কিছু উদ্যোগ মেয়াদকালে শেষ করা সম্ভব হয়নি। এর দায়ভার সম্মিলিতভাবে সবার বলে উল্লেখ করেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *