অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে আমীর খসরু মাহমুদ চৌধুরী, ত্রয়োদশ সংসদে নতুন অধ্যায়

অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি চট্টগ্রাম-১১ আসনে বিজয়ী হয়েছেন। দীর্ঘ রাজনৈতিক ও প্রশাসনিক অভিজ্ঞতা বিবেচনায় তাঁকে গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন। পরে বিকেলে মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন। নতুন সরকারের অর্থনৈতিক নীতিনির্ধারণে তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আমীর খসরু মাহমুদ চৌধুরীর রাজনৈতিক যাত্রা দীর্ঘদিনের। ১৯৯১ সালে চট্টগ্রাম-৮ আসনে উপ-নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২৫ মার্চ ২০০৪ পর্যন্ত দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ‘স্থায়ী কমিটি’র সদস্য এবং দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।

রাজনীতির পাশাপাশি ব্যবসা ও আর্থিক খাতেও তাঁর সক্রিয় উপস্থিতি রয়েছে। শিক্ষাজীবন শেষ করে তিনি পিতার ব্যবসায়ে যুক্ত হন। পরবর্তীতে তিনি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠা করেন এবং এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি এবং সাউথ এশিয়া এক্সচেঞ্জ ফেডারেশনের প্রথম সভাপতি ছিলেন।

এ ছাড়া তিনি চট্টগ্রামে দক্ষিণ কোরিয়ার অনারারি কনসাল, সোনালী ব্যাংকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড ও বাংলাদেশ শিল্প বিভাগের উপদেষ্টা কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। অর্থনীতি, বাণিজ্য ও আর্থিক খাতে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা নতুন সরকারের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পালনে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারি ফলাফল অনুযায়ী ২৯৭টি আসনের মধ্যে বিএনপি ২০৯টি এবং জামায়াতে ইসলামী ৬৮টি আসনে জয়লাভ করেছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছয়টি এবং স্বতন্ত্র প্রার্থীরা সাতটি আসনে জয়ী হয়েছেন। এছাড়া বাংলাদেশ খেলাফত মজলিস দুটি এবং ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিস একটি করে আসন পেয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *