মন্ত্রিসভায় জায়গা হয়নি যেসব হেভিওয়েট নেতার

প্রধানমন্ত্রী তারেক রহমান (Tarique Rahman)-এর নেতৃত্বে ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রীর সমন্বয়ে নতুন মন্ত্রিপরিষদ গঠিত হয়েছে। মোট ৫০ সদস্যের এই মন্ত্রিসভায় প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়া অনেকেই জায়গা পেয়েছেন। ৫০ জনের মধ্যে ৪০ জনই নতুন মুখ। পাশাপাশি ৫ জনকে মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা এবং আরও ৫ জনকে প্রতিমন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে।

তবে দলীয় রাজনীতিতে দীর্ঘদিন প্রভাবশালী হিসেবে পরিচিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (Bangladesh Nationalist Party – BNP)-এর বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা ৫৯ জনের এই তালিকায় স্থান পাননি।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ অনুষ্ঠানকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ থাকলেও ঘোষিত তালিকায় একাধিক হেভিওয়েট নেতার নাম না থাকায় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

নতুন মন্ত্রিসভায় জায়গা পাননি দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর রায়, ড. আব্দুল মঈন খান ও সেলিমা রহমান।

এছাড়া দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লা বুলু, মোহাম্মদ শাহজাহান, শামসুজ্জামান দুদু, অ্যাডভোকেট জয়নুল আবেদীন এবং আসাদুজ্জামান রিপনদের কেউ মন্ত্রিত্ব পাননি।

চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানউল্লাহ আমান, মোয়াজ্জেম হোসেন আলাল, মজিবুর রহমান সরোয়ার, গোলাম আকবর খোন্দকার, মাহবুবউদ্দিন খোকন ও ফজলুর রহমানের নাম মন্ত্রিসভায় আসতে পারে বলে আলোচনা ছিল। শেষ পর্যন্ত তাঁদের কেউ তালিকায় স্থান পাননি। একইভাবে কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক হাবিব উন নবী খান সোহেলও বাদ পড়েছেন।

অন্যদিকে জোট নেতাদের মধ্যে তিনজন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেও জোটের প্রভাবশালী নেতা আন্দালিব রহমান পার্থ মন্ত্রিসভায় জায়গা পাননি।

নতুন-পুরোনোর এই সমীকরণে গঠিত মন্ত্রিসভা দলীয় রাজনীতিতে নতুন বার্তা দিচ্ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *