নিষেধাজ্ঞা ভেঙে ধানমন্ডি কার্যালয়ের ফটকে বঙ্গবন্ধুর ছবি, যুব মহিলা লীগের স্লোগান

আক্রান্ত হওয়ার দেড় বছর পর আবারও আলোচনায় বাংলাদেশ আওয়ামী লীগ (Bangladesh Awami League) সভাপতির রাজনৈতিক কার্যালয়। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর ধানমন্ডি ৩/এ সড়কের ৫১ নম্বর বাড়িটির ফটকের সামনে জাতীয় পতাকা ও বঙ্গবন্ধুর ছবি রেখে স্লোগান দিতে দেখা যায় কার্যক্রম নিষিদ্ধ যুব মহিলা লীগের ১০-১২ জন নেত্রীকে। সংক্ষিপ্ত সময় অবস্থান নিয়ে তারা সেখানে স্লোগান দেন, এরপর দ্রুত সরে যান।

২০০২ সাল থেকে ভবনটি দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। তিনতলা এই ভবনে দলীয় সভাপতি, সাধারণ সম্পাদক, দফতর সম্পাদক ও সভাপতিমণ্ডলীর সদস্যদের জন্য পৃথক কক্ষ ছিল। দ্বিতীয় তলায় ছিল দলের মুখপত্র ‘উত্তরণ’-এর কার্যালয়। তৃতীয় তলায় পরিচালিত হতো আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কার্যক্রম।

প্রথমদিকে ভাড়া নেওয়া হলেও ২০০৯ সালে রাষ্ট্রক্ষমতায় আসার পর ভবনটি দলের নামে কিনে নেয় আওয়ামী লীগ। এরপর ২০১৪ সালে টানা দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে পাশের আরও দুটি চারতলা ভবন কিনে কার্যালয় সম্প্রসারণ করা হয়। সে সময় ভবন দুটি কেনা হয় বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট (Bangabandhu Memorial Trust)-এর নামে। নতুন ভবনগুলোতে দলের কেন্দ্রীয় কমিটির বিষয়ভিত্তিক সম্পাদকমণ্ডলীর নেতারা এবং কেন্দ্রীয় উপকমিটির সদস্যরা বসতেন। এখানকার একটি কক্ষে দলীয় বিভিন্ন প্রকাশনা বিক্রির স্টলও ছিল।

তবে রাজনৈতিক পালাবদলের পর চিত্র বদলে যায়। ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট টানা ১৫ বছরের শাসনের অবসান ঘটে আওয়ামী লীগের। সেদিন প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন জনতার দখলে চলে যায়, সেখানে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। একই দিনে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু ভবনের পাশাপাশি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়েও হামলা হয়। কার্যালয়ের তিনটি ভবনে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগ করা হয়।

ঘটনার প্রায় ছয় মাস পর পোড়া ভবনটি স্থানীয় কিছু নেশাগ্রস্ত যুবকের আশ্রয়স্থলে পরিণত হয়। আবার ভবন ঘিরে কিছু স্থানীয় লোককে পাহারা দিতেও দেখা যায়। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের কোনো নেতাকর্মী সেখানে গেলে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়ে পুলিশ ডেকে ধরিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে।

অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর দাবির প্রেক্ষিতে গত বছরের মে মাসে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা দেয়। সে অনুযায়ী যুব মহিলা লীগের কার্যক্রমও নিষিদ্ধ রয়েছে।

এমন পরিস্থিতির মধ্যেই নিষেধাজ্ঞা উপেক্ষা করে বৃহস্পতিবার সকালে ওই ১০-১২ জন নেত্রী বঙ্গবন্ধুর ছবি ও জাতীয় পতাকা হাতে কার্যালয়ের সামনে উপস্থিত হন। কিছুক্ষণ স্লোগান দিয়ে তারা সরে যান। গণমাধ্যমকে সংগঠনটির এক নেত্রী বলেন, ‘আজকে আমরা একটু রিস্ক নিয়েই গিয়েছি।’ ধানমন্ডির এই কার্যালয় আবারও মুখরিত হবে—এমন আশার কথাও ব্যক্ত করেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *