পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে আগাম প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে (Bangladesh Railway)। সংস্থাটি জানিয়েছে, আগামী ৩ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত ঈদের অগ্রিম যাত্রার টিকিট বিক্রি করা হবে। আর ফিরতি যাত্রার টিকিট বিক্রি চলবে ১৩ মার্চ থেকে ১৯ মার্চ পর্যন্ত। আগের মতো এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রির সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে।
রেলওয়ের বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়েছে, ঈদের অগ্রিম ও ফিরতি—উভয় যাত্রার সব টিকিটই অনলাইনে ছাড়া হবে। একজন যাত্রী অগ্রিম যাত্রায় একবারে সর্বোচ্চ চারটি এবং ফিরতি যাত্রার ক্ষেত্রেও সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। অর্থাৎ প্রতিটি ক্ষেত্রে একসঙ্গে চারটির বেশি টিকিট কেনার সুযোগ থাকছে না।
যাত্রীদের ভোগান্তি কমাতে টিকিট ছাড়ার সময়সূচিতেও আনা হয়েছে আলাদা ব্যবস্থা। পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট প্রতিদিন সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলে চলাচলরত আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে ইস্যু করা হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রেলওয়ে জানায়, ৩ মার্চ বিক্রি করা হবে ১৩ মার্চের যাত্রার টিকিট। ৪ মার্চ পাওয়া যাবে ১৪ মার্চের টিকিট। একই ধারাবাহিকতায় ৫ মার্চ ১৫ মার্চের, ৬ মার্চ ১৬ মার্চের, ৭ মার্চ ১৭ মার্চের, ৮ মার্চ ১৮ মার্চের এবং ৯ মার্চ বিক্রি করা হবে ১৯ মার্চের যাত্রার অগ্রিম টিকিট।
তবে ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০, ২১ ও ২২ মার্চের যাত্রার টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে।
ঈদের পর ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ১৩ মার্চ। ওই দিন বিক্রি করা হবে ২৩ মার্চের টিকিট। ১৪ মার্চ পাওয়া যাবে ২৪ মার্চের টিকিট, ১৫ মার্চ ২৫ মার্চের, ১৬ মার্চ ২৬ মার্চের, ১৭ মার্চ ২৭ মার্চের, ১৮ মার্চ ২৮ মার্চের এবং ১৯ মার্চ বিক্রি করা হবে ২৯ মার্চের ফিরতি যাত্রার টিকিট।
অতিরিক্ত যাত্রীচাপ সামাল দিতে নিয়মিত ট্রেনের পাশাপাশি পাঁচ জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। সংস্থাটি আশা করছে, এতে ঈদযাত্রায় বাড়তি ভিড় ব্যবস্থাপনায় কিছুটা স্বস্তি আসবে।
এছাড়া গুরুত্বপূর্ণ ঘোষণা হিসেবে জানানো হয়েছে, ঈদের অগ্রিম ও ফিরতি যাত্রার কোনো টিকিটই রিফান্ডযোগ্য নয়। তবে যাত্রার দিন মোট আসনের (উচ্চ শ্রেণি ব্যতীত) ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট সংশ্লিষ্ট স্টেশন কাউন্টার থেকে বিক্রি করা হবে।


