মনোনীত হওয়ার পরও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার থেকে বঞ্চিত মোহন রায়হান

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫-এর জন্য মনোনীত হয়েও শেষ পর্যন্ত পুরস্কার পাননি কবি মোহন রায়হান (Mohan Rayhan)। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি নিজেই এ তথ্য জানান, যা সাহিত্যাঙ্গনে তীব্র আলোচনার জন্ম দিয়েছে।

বর্তমানে জাতীয় কবিতা পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন মোহন রায়হান। পোস্টে তিনি লিখেছেন, ‘আপনারা অবগত আছেন এবার ২০২৫ বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার (কবিতায়) আমাকে প্রদান করা হয়েছিলো। এই পুরস্কার আমার একদমই প্রত্যাশা ছিলো না। আমি একজনের কাছেও পুরস্কারের জন্য তদবির করিনি। পুরস্কার কমিটি স্বতঃস্ফূর্তভাবে আমাকে নির্বাচিত করে।’

তবে নাটকীয় মোড় আসে পুরস্কার গ্রহণের প্রাক্কালে। কবির দাবি, ৪১ বছর আগে কর্নেল তাহেরকে নিয়ে লেখা তার ‘তাহেরের স্বপ্ন’ কবিতাকে কেন্দ্র করেই এই সিদ্ধান্ত বদলে যায়। তিনি জানান, ‘গতকাল পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের ডেকে এসএসএফ পুরস্কার গ্রহণের রিহার্সালও প্রদান করে। যথারীতি আজ পুরস্কার গ্রহণের জন্য এসে জানতে পারলাম, ৪১ বছর আগে কর্নেল তাহেরকে নিয়ে লেখা আমার “তাহেরের স্বপ্ন” কবিতার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিয়ে একটি মহল আমার পুরস্কার বাতিল করিয়েছে।’

এ বিষয়ে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী (Nitai Roy Chowdhury) বলেন, ‘মোহন রায়হানের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আছে। এসব বিষয় খতিয়ে দেখে আবার পুরস্কার ঘোষণা করা হবে। আগের সরকারের সময় বাংলা একাডেমি তাকে এ পুরস্করের জন্য মনোনয়ন দিয়েছিলো। এখন আমরা বিষয়টি খতিয়ে দেখবো। তারপর সিদ্ধান্ত হবে।’

কী ধরনের অভিযোগ—এমন প্রশ্নে মন্ত্রী সরাসরি কিছু বলতে রাজি হননি। তার ভাষ্য, বিষয়টি তদন্তাধীন থাকায় এখনই কিছু বলা সম্ভব নয়।

সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম (Ali Newaz Mahmud Khaiyum) বলেন, ‘মোহন রায়হানের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। তাই তাকে আপাতত পুরস্কার দেওয়া হয়নি। আমরা অভিযোগগুলো যাচাই করে দেখছি। সেগুলো বিবেচনার পর নিশ্চয়ই সিদ্ধান্ত দেওয়া হবে। একটু অপেক্ষা করতে হবে।’

এদিকে বৃহস্পতিবার দুপুরে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান (Tarique Rahman)। এর আগে, গত সোমবার বাংলা একাডেমি (Bangla Academy) আনুষ্ঠানিকভাবে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। সেখানে কবিতায় মোহন রায়হানের মনোনীত হওয়ার তথ্যও উল্লেখ ছিল।

নাম ঘোষণা করে পরে পুরস্কার না দেওয়া কবিকে অসম্মান করা কি না—এমন প্রশ্নের জবাবে সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, ‘মনোনয়ন আমরা দিই না। এটা বাংলা একাডেমি দেয়। আমরা এখন শুধু অভিযোগগুলো খতিয়ে দেখছি। এটা সাময়িক সমস্যা। দু-এক দিনের মধ্যেই পুরস্কার ঘোষণা করা হতে পারে।’

অন্যদিকে বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম (Mohammad Azam) জানান, ‘মোহন রায়হানের কবিতা ও লেখালেখি সম্পর্কে কিছু অভিযোগ ওঠায় কর্তৃপক্ষ সেই অভিযোগ খতিয়ে দেখার স্বার্থে সাময়িকভাবে পুরস্কার স্থগিত করেছে। এটা পরীক্ষা-নিরীক্ষা হয়ে গেলে আমরা অবিলম্বে এটা জানাবো।’

ঘোষণা, রিহার্সাল, তারপর স্থগিতাদেশ—সব মিলিয়ে এবারের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা ও বিতর্ক। এখন সবার চোখ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চূড়ান্ত সিদ্ধান্তের দিকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *