খামেনির মৃত্যুতে সন্তোষ, ইসলামী প্রজাতন্ত্রের ‘সমাপ্তি’র প্রত্যাশা ইরানের শেষ শাহের পুত্র রেজা পাহলভির

ইরানের শেষ শাহ মোহাম্মদ রেজা পাহলভির জ্যেষ্ঠ পুত্র রেজা পাহলভি (Reza Pahlavi) আয়াতুল্লা আলী খামেনির মৃত্যুকে “মলম” বলে অভিহিত করেছেন। একই সঙ্গে তিনি প্রয়াত সর্বোচ্চ নেতাকে “আমাদের সময়ের রক্তপিপাসু স্বৈরশাসক” হিসেবে উল্লেখ করেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পাহলভি লেখেন, “তাঁর মৃত্যুর সঙ্গে সঙ্গে ইসলামী প্রজাতন্ত্র কার্যত তার সমাপ্তির দিকে পৌঁছেছে এবং খুব শিগগিরই ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে।” যুক্তরাষ্ট্রে বসবাসকারী পাহলভি দীর্ঘদিন ধরেই নিজেকে তেহরানের বিকল্প নেতৃত্বের মুখ হিসেবে তুলে ধরার চেষ্টা করে আসছেন।

তিনি আরও বলেন, খামেনির উত্তরসূরি নিয়োগের যেকোনো প্রচেষ্টা “শুরু থেকেই ব্যর্থ হবে।” ইরানের জনগণের উদ্দেশে পাহলভি মন্তব্য করেন, “এটি আমাদের মহান জাতীয় উদযাপনের সূচনা হতে পারে, তবে এটি শেষ নয়।”

তবে পাহলভিকে ঘিরে বিতর্কও কম নয়। বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত লক্ষ লক্ষ বিরোধী সমর্থকদের অনুপ্রাণিত করতে সক্ষম হলেও সমালোচকদের মতে, তিনি ঐক্যের প্রতীক না হয়ে বরং বিভাজন সৃষ্টিকারী এক ব্যক্তিত্ব।

ইরানে ক্ষমতাচ্যুত রাজতন্ত্রের প্রতি সমর্থন আইনত নিষিদ্ধ এবং এটি ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য। ১৯৭৯ সালের বিপ্লবের মাধ্যমে শাহের একনায়কতন্ত্র উৎখাতের পর থেকে সমাজের একটি বড় অংশ রাজতান্ত্রিক শাসনব্যবস্থার প্রতি তীব্র বিরূপ মনোভাব পোষণ করে আসছে।

তবুও বিরোধী রাজনীতির প্রেক্ষাপটে রেজা পাহলভি এখনো অন্যতম সুপরিচিত মুখ হিসেবেই রয়ে গেছেন, বিশেষ করে প্রবাসী ইরানিদের মধ্যে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *