ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কারচুপির অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিএনপির একাধিক প্রার্থী। কুড়িগ্রাম-২ আসনের প্রার্থী সোহেল হোসাইন কায়কোবাদ, রংপুর-৬ আসনে সাইফুল ইসলাম, রংপুর-৪ আসনে এমদাদুল হক ভরসা এবং রাজশাহী-১ আসনে মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দিন পৃথকভাবে মামলা দায়ের করেছেন।
এর আগে রোববার (১ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ আমলে নিয়ে হাইকোর্ট রাজশাহী-৪ ও পাবনা-৪ আসনের ব্যালট পেপার এবং ফলাফলের রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে এ বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী ১১ মে দিন ধার্য করা হয়েছে।
বিচারপতি মো. জাকির হোসেন (Justice Md. Zakir Hossain)-এর নেতৃত্বাধীন নির্বাচনি আপিল ট্রাইব্যুনাল আবেদনগুলো গ্রহণ করে এ আদেশ দেন। সংশ্লিষ্ট দুই আসনে পরাজিত বিএনপি প্রার্থীদের পক্ষ থেকেই আবেদন করা হয় বলে জানা গেছে।
এদিকে শেরপুর-১ আসনেও কারচুপির অভিযোগ এনে আবেদন করা হয়েছে। বৃহস্পতিবারও বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বাধীন নির্বাচনি আপিল ট্রাইব্যুনাল আবেদনগুলো গ্রহণ করে আদেশ দিয়েছেন।
উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনি অনিয়মের বিরুদ্ধে করা আবেদনপত্র শুনানির জন্য হাইকোর্টে একটি নির্বাচনি ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের ওপর শুনানি গ্রহণ করবেন।
নির্বাচন-পরবর্তী এই ধারাবাহিক আইনি পদক্ষেপে সংশ্লিষ্ট আসনগুলোর ফলাফল ও প্রক্রিয়া নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।


