মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার সরাসরি প্রভাব পড়েছে দেশের বিমান চলাচলে। দুবাই, আবুধাবি ও শারজাহর এয়ারফিল্ডে পরিস্থিতির অবনতির জেরে চট্টগ্রাম থেকে একের পর এক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হচ্ছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দর (Chattogram International Airport) থেকে এখন পর্যন্ত মোট ২৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।
সোমবার (আজ) চট্টগ্রাম বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনস (Biman Bangladesh Airlines)-এর মধ্যপ্রাচ্যগামী দুটি ডিপার্চার ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়। একইসঙ্গে ইউএস-বাংলা এয়ারলাইনস (US-Bangla Airlines)-এর একটি ডিপার্চার ও একটি এরাইভাল ফ্লাইট বাতিল করা হয়েছে।
এছাড়া মধ্যপ্রাচ্যগামী এয়ার আরাবিয়া (Air Arabia)-এর একটি ডিপার্চার ফ্লাইটও বাতিলের তালিকায় যোগ হয়েছে। ফলে নির্ধারিত সময়ে ভ্রমণের প্রস্তুতি নেওয়া বহু যাত্রী পড়েছেন অনিশ্চয়তায়।
চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করে জানান, মাস্কাট থেকে আসা সালাম এয়ার (Salam Air)-এর ফ্লাইট OV-401 আজ সকাল সোয়া ৮টায় চট্টগ্রামে অবতরণ করে। পরবর্তীতে একই উড়োজাহাজ OV-402 ফ্লাইট নম্বরে সকাল সাড়ে ৯টায় যাত্রী নিয়ে মাস্কাটের উদ্দেশ্যে চট্টগ্রাম ত্যাগ করে।
তিনি আরও জানান, গত ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত চট্টগ্রাম বিমানবন্দর থেকে মোট ২৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই অনিশ্চয়তা আরও কিছুদিন স্থায়ী হতে পারে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন।


