সদ্যসাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (Bangladesh Financial Intelligence Unit–BFIU)।
সোমবার (২ মার্চ) বিকেলে বিএফআইইউর পক্ষ থেকে দেশের ৫৬টি তফসিলি ব্যাংক ও অন্যান্য নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে এ সংক্রান্ত তলবনামা পাঠানো হয়। একটি অভিযোগের ভিত্তিতে সব ব্যাংকে চিঠি দিয়ে তার ব্যক্তিগত অ্যাকাউন্টসংক্রান্ত তথ্য চাওয়া হয়েছে বলে জানা গেছে।
চিঠিতে আগামী তিন কর্মদিবসের মধ্যে আসিফ মাহমুদের ব্যক্তিগত হিসাবের সব তথ্য নথিভুক্ত করে বিএফআইইউতে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে দুর্নীতি দমন কমিশন (Anti-Corruption Commission–ACC)-এ আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন একদল সাকিব ব্যক্তি। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে আসিফ মাহমুদ বলেন, সাকিব আল হাসানকে খেলতে না দেওয়ার ঘটনায় মব তৈরি করে দুদকে অভিযোগ জানানো হয়েছে। তিনি বলেন, “দুদকে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হলে যে কোনো শাস্তি মেনে নিতে প্রস্তুত আছি।”
উল্লেখ্য, সাবেক অন্তর্বর্তী সরকার গত ১০ ফেব্রুয়ারি অন্যান্য উপদেষ্টাদের পাশাপাশি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সম্পদ বিবরণী প্রকাশ করে।
সম্পদ বিবরণীতে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত তার সম্পদ ও টাকার পরিমাণ উল্লেখ ছিল না। তবে ২০২৪ থেকে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত তার আর্থিক সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ১৪ লাখ ২৪ হাজার ৭১৪ টাকা। অ-আর্থিক বা নন-ফাইনান্সিয়াল সম্পদের পরিমাণ ১ লাখ ১০ হাজার টাকা।
উপদেষ্টা থাকাকালীন বাংলাদেশের বাইরে তার কোনো সম্পদ নেই বলেও উল্লেখ করা হয়েছে। মোট সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ১৫ লাখ ৩৪ হাজার ৭১৭ টাকা। ব্যক্তিগত ও ব্যবসায়িক দায় ২৮ হাজার ৬৬৯ টাকা।
সম্পদ বিবরণীতে এ বিষয়ে কোনো মন্তব্য সংযুক্ত করা হয়নি। শুধু উল্লেখ করা হয়েছে, ২০২৩-২৪ অর্থবছরে তার TIN (ট্যাক্সপেয়ার আইডেন্টিফিকেশন নম্বর) সনদ ছিল না।


