স্বাধীনতা পুরস্কার ২০২৬ পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান

দেশের বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এ বছর ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচটি প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পুরস্কারপ্রাপ্তদের তালিকায় সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত খালেদা জিয়া (Khaleda Zia) মরণোত্তরভাবে অন্তর্ভুক্ত হয়েছেন।

বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) হুমায়ুন কবির সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার দেওয়া হচ্ছে।

স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষাসহ দেশগঠনে সার্বিক অবদানের জন্য খালেদা জিয়াকে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতি হিসেবে ফৌজদারহাট ক্যাডেট কলেজ (Faujdarhat Cadet College) এবং মেজর মোহাম্মদ আবদুল জলিল (মরণোত্তর) এ পদকের জন্য নির্বাচিত হয়েছেন।

বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে অবদানের জন্য অধ্যাপক ড. জহুরুল করিমকে মনোনীত করা হয়েছে। চিকিৎসাবিদ্যায় অবদানের স্বীকৃতি হিসেবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (Dhaka Medical College Hospital) স্বাধীনতা পুরস্কার পাচ্ছে।

সাহিত্যে ড. আশরাফ সিদ্দিকী (মরণোত্তর) এবং সংস্কৃতিতে এ. কে. এম. হানিফ (হানিফ সংকেত) ও বশির আহমেদ (মরণোত্তর) পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।

ক্রীড়া ক্ষেত্রে জোবেরা রহমান (লিনু) এবং পল্লী উন্নয়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (PKSF) স্বাধীনতা পুরস্কার পাচ্ছে।

সমাজসেবা বা জনসেবায় মরণোত্তরভাবে ডা. জাফরুল্লাহ্ চৌধুরী (Dr. Zafrullah Chowdhury), এস ও এস চিলড্রেন্স ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ, মো. সাইদুল হক, গণস্বাস্থ্য কেন্দ্র (Gonoshasthaya Kendra) এবং মাহেরীন চৌধুরী (মরণোত্তর) এ পদকের জন্য নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া জনপ্রশাসনে কাজী ফজলুর রহমান (মরণোত্তর), গবেষণা ও প্রশিক্ষণে মোহাম্মদ আবদুল বাকী, অধ্যাপক ড. এম এ রহিম ও অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া এবং পরিবেশ সংরক্ষণে আবদুল মুকিত মজুমদার (মুকিত মজুমদার বাবু) স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *